তিন-তিনটি লাক্সারি ব্যাগ কিনল ‘লাজু’ সাইনা! দাম শুনলে ঘুরে যাবে মাথা

Spread the love

বাবার জুতোয় পা গলিয়েই অভিনয়ে পা রেখেছেন অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনা চট্টোপাধ্যায়। প্রথম কাজ করেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। যদিও মাত্র কয়েক মাসই সেখানে অভিনয় করার সুযোগ এসেছিল। এরপর মুখ্য চরিত্রে কাজ করছেন ‘লাজু’ হিসেবে, কনে দেখা আলো ধারাবাহিকে। বয়স মাত্র ১৬। এরই মধ্যে বেশ মোটা অঙ্কের রোজগার যে করে ফেলেছেন, তার প্রমাণ লাক্সারি ব্যাগের কালেকশন। যা তিনি নিজেই শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

একটি ভিডিয়ো পোস্ট করেন সাইনা। যেখানে তাঁকে তিনটি লাক্সারি ব্র্যান্ডেড ব্যাগ আনবক্সিং করতে দেখা যায়। ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে সাইনা লিখেছেন, ‘আমার সঙ্গে আমার ব্র্যান্ডেড ব্যাগ আনবক্সিং করুন। আমি তো আরও বেশি উত্তেজিৎ ছিলাম, যা এডিট করে বাদ দিয়ে দিয়েছি।’

তিনটি ব্যাগ শেয়ার করে নিয়েছেন। লাল রঙের লেদারের Yves Saint Laurent-এর ব্যাগ। যার দাম ওই লাখ টাকার আশেপাশে। গুচি কোম্পানির ক্রস বডি ব্যাগটির দামও ওরকমই, ৯০ হাজারের আশেপাশের। আর কোচের আরেকটি ব্যাগের দামও অনেকটাই, হাজার ৩০ মতো।২০১০ সালের ৯ মে জন্ম সাইনার। তাঁর প্রথম কাজ ছিল ‘অনুরাগের ছোঁয়া’। সেখানে রূপা চরিত্রটির মধ্য বয়সে দেখা গিয়েছিল তাঁকে। তবে মাসখানেকই কাজ করেন সাইনা সেই সিরিয়ালে। তারপর ফের এগিয়ে যায় ধারাবাহিকের গল্প। লীনা গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় কনে দেখা আলো-র শ্যুটে এখন দেখা যাচ্ছে তাঁকে।

ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন ছিল অভিষেকের প্রিয় ডলের (সাইনার ডাক নাম)। স্বপ্নপূরণে সবরকমভাবে সাহায্য করছেন মা সংযুক্তা। শ্যুটিংয়ের চাপ সামলেও মেয়ে যাতে লেখাপড়া করতে পারে, তাই রেগুলার স্কুল থেকে সরিয়ে ‘হোম স্কুলিং’-এ দিয়েছেন। এই বছর ক্লাস টেনের বোর্ড এক্সামও রয়েছে। তবে শ্যুটিংয়ের চাপ সামলেই লেখাপড়া চলছে। সোশ্যাল মিডিয়া থেকে খুব ভালোবাসা পায় সাইনা। সঙ্গে লাজু চরিত্রটিকেও খুব ভালোবেসে ফেলেছে দর্শকরা।

তবে মেয়েকে অভিনেত্রী হিসেবে দেখে যেতে পারেননি অভিষেক। ২০২২ সালের ২৪ মার্চ কলকাতার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। মাত্র ৫৭ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুর আগের দিনও তিনি একটি রিয়েলিটি শো-এর শুটিং করছিলেন। তখন সাইনার বয়স মাত্র ১২। এখনও শ্যুটিং সেটে বাবার ছবি সঙ্গে রাখেন দর্শকদের প্রিয় লাজু। সোশ্যাল মিডিয়াতেও বাবার সঙ্গে পুরনো স্মৃতি নেন ভাগ করে। সাইনা ও অভিষেক-পত্নী সংযুক্তা বিশ্বাস করেন, অভিনেতা এখনও তাঁদের সঙ্গেই আছেন। তাঁদের সঠিক পথ দেখাচ্ছেন গার্ডিয়ান অ্যাঞ্জেলের মতো!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *