দুর্গাপুর কাণ্ডে শাসকদলকে কাঠগড়ায় তুললেন অরিজিৎ

Spread the love

মাত্র এক বছর আগে আর জি কর কান্ডের পর এবার দুর্গাপুর। মাঝে ঘটেছে আরও কিছু ঘটনা। বিগত কিছু মাসে পশ্চিমবঙ্গে একের পর এক যে ঘটনা সামনে উঠে আসছে, তাতে রাজ্যের মেয়েদের নিরাপত্তা নিয়ে বারবার উঠছে প্রশ্ন। পাশাপাশি পুলিশ এবং শাসকদলের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ সাধারণ মানুষ।

দুর্গাপুর কাণ্ডের পর রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, বেশি রাতে মেয়েদের বাড়ির বাইরে থাকা নিরাপদ নয়। যেহেতু বর্তমান পরিস্থিতি ভালো নয় তাই সন্ধ্যের পর মেয়েদের বাড়িতে থাকাই উচিত।

মুখ্যমন্ত্রীর এই কথা শুনে ক্ষুব্ধ গোটা রাজ্যবাসী। অপরাধীদের কাঠগড়ায় না তুলে মহিলাদের তিনি যেভাবে বাড়িতে বন্দী থাকতে বলছেন, তা শুনে অনেকেই হতবাক। এই বক্তব্যের পক্ষে বিপক্ষে বহু মানুষ বহু মন্তব্য প্রকাশ করেছেন। এবার রাজ্যের এই অবস্থায় শাসক দলকে সরাসরি কাঠগড়ায় তুললেন অরিজিৎ সিং।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অরিজিৎ লেখেন, ‘আর কতদিন? কি লজ্জাজনক অবস্থা রাজ্যের। ছিঃ ছিঃ ছিঃ। সব পয়সাখোর। ভগবান কাউকে একটা পাঠান প্লিজ। আপনার যে কোনও অবতার আসুক কিন্তু আসুক।’

অরিজিৎ আরও লেখেন, ‘আমি চাই আপনার অবতার এসে এই নেতা-নেত্রী এবং গুন্ডাবাজ কুত্তাগুলোর মাথা কেটে দিক। কি অসহ্য মানুষজন ক্ষমতায়!!’

অরিজিৎ সিং-এর এই বক্তব্য শেয়ার করা হয়েছে সংগীত শিল্পীর ফ্যান পেজ থেকে। ক্যাপশনে লেখা, বাংলার মুখ্যমন্ত্রীর বাংলার মেয়েদের নিয়ে করা মন্তব্য একদমই মেনে নেওয়া যায় না।

অরিজিৎ সিং এর আগেও একাধিক পরিস্থিতিতে নিজের মন্তব্য প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর সামনেই মঞ্চে দাঁড়িয়ে ‘রঙ দে গেরুয়া গান’ গাওয়ায় অনেকেই শিল্পীকে বিজেপি বলে দাগিয়েছিলেন, কিন্তু অরিজিৎ বারবার বলেছেন, তিনি কোনও রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কথা বলেন না। যা সত্যি এবং ন্যায্য সে কথা বলতে ভয় পায় না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *