নেতানিয়াহুর বিরুদ্ধে একাট্টা সাবেক দুই প্রধানমন্ত্রী

Spread the love

চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে একজোট হওয়ার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রভাবশালী বিরোধী নেতারা।স্থানীয় সময় রোববার (২৬ এপ্রিল) ইসরাইলের সাবেক দুই প্রধানমন্ত্রী ডানপন্থি নাফতালি বেনেট এবং মধ্যপন্থি ইয়ার লাপিদ এক বিবৃতিতে ‘ইয়েশ আতিদ পার্টি’ এবং ‘বেনেট ২০২৬’ পার্টিকে একীভূত করার ঘোষণা দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, তাদের এই জোটের লক্ষ্য হলো একটি বিভক্ত বিরোধী দলকে ঐক্যবদ্ধ করা। নাফতালি বেনেটের কার্যালয় জানিয়েছে, নতুন দলটির নাম হবে ‘টুগেদার’ এবং তিনিই এই দলের নেতা হবেন।টেলিভিশনে প্রচারিত এক যৌথ বিবৃতিতে বেনেট বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আজ রাতে আমার বন্ধু ইয়ার লাপিদের সঙ্গে আমি আমাদের দেশের জন্য এ পর্যন্ত নেয়া সবচেয়ে জায়নবাদী ও দেশপ্রেমিক পদক্ষেপ গ্রহণ করেছি।’

এদিকে টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে লাপিদ বলেন, বেনেট একজন ডানপন্থি রাজনীতিবিদ, কিন্তু সৎ এবং আমাদের মধ্যে আস্থা রয়েছে।’

লাপিদ আরও বলেন, ‘এই পদক্ষেপের উদ্দেশ্য হলো জোটকে ঐক্যবদ্ধ করা, অভ্যন্তরীণ বিভাজনের অবসান ঘটানো এবং আসন্ন গুরুত্বপূর্ণ নির্বাচনে জয়লাভের জন্য সব প্রচেষ্টা কেন্দ্রীভূত করা এবং ইসরায়েলকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।

বেনেট বলেন, নির্বাচিত হলে তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলার পূর্ববর্তী ব্যর্থতাগুলো তদন্তের জন্য একটি জাতীয় কমিশন গঠন করবেন। যেটি বর্তমান নেতানিয়াহু সরকার প্রত্যাখ্যান করেছে।

হামাসের হামলার পর থেকে দেশের যুদ্ধ পরিচালনায় নেতানিয়াহুর ভূমিকার লাপিদ ও বেনেট উভয়েই কঠোর সমালোচক। লাপিদ ইরানের সঙ্গে সম্মত হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে একটি ‘রাজনৈতিক বিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *