প্রয়াত শাহরুখের অনস্ক্রিন বাবা

Spread the love

টিনসেল টাউনে শোকের ছায়া। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা বিজয় কৃষ্ণ। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত কালজয়ী ছবি ‘দেবদাস’-এ শাহরুখ খানের রাগী-বদমেজাজিবাবা নারায়ণ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। সোমবার রাতে মুম্বইতে বার্ধক্যজনিত সমস্যার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।

দেবদাস-এর সেই রাগী বাবা আর নেই:

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দেবদাস’ ছবিতে বিজয় কৃষ্ণের অভিনয় ছিল অত্যন্ত বলিষ্ঠ। যেখানে তিনি এমন এক জমিদারের চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি তাঁর আভিজাত্যের খাতিরে ছেলের ভালোবাসা মেনে নিতে পারেননি। শাহরুখের সঙ্গে তাঁর সংঘাতের দৃশ্যগুলো আজও সিনেমা প্রেমীদের মুখে মুখে ফেরে। কেবল দেবদাস নয়, তিনি মঞ্চাভিনয় এবং থিয়েটার জগতেরও এক অত্যন্ত পরিচিত নাম ছিলেন।

রতন টাটা যোগ:

অভিনয় জগতের বাইরেও বিজয় কৃষ্ণের একটি বড় পরিচয় ছিল। তিনি ছিলেন ভারতের বিশিষ্ট শিল্পপতি রতন টাটার পরিবারের আত্মীয়। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বহু বলিউড তারকা এবং থিয়েটার জগতের ব্যক্তিত্বরা। অনেকেই জানিয়েছেন, পর্দার আড়ালে বিজয় ছিলেন অত্যন্ত অমায়িক এবং শিল্পমনা এক মানুষ।৮১ বছর বয়সে তাঁর চলে যাওয়া মেনে নিতে পারছেন না দীর্ঘদিনের সহকর্মী লিলিট দুবে। থিয়েটার থেকে সিনেমা— দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে বিজয়ের সঙ্গে পথ চলেছেন লিলিট। অভিনেতা হিসেবে বিজয় যেমন ছিলেন বলিষ্ঠ, মানুষ হিসেবেও ছিলেন অত্যন্ত আকর্ষণীয় ও রসবোধসম্পন্ন।

লিলিটের আবেগঘন পোস্ট:

ইনস্টাগ্রামে বিজয়ের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে লিলিট লিখেছেন, ‘হৃদয় ভেঙে গেল… আমাদের প্রিয় বিজয় কৃষ্ণ আর নেই। ২৫ বছরেরও বেশি সময় ধরে আমাদের থিয়েটার পরিবারের এবং ‘ড্যান্স লাইক আ ম্যান’-এর অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। একজন দুর্দান্ত অভিনেতা, সুপুরুষ এবং প্রখর রসবোধ সম্পন্ন মানুষ— আমাদের সবার কাছে তিনি ছিলেন অত্যন্ত আদরের।’

থিয়েটারের ‘জয়রাজ’:

বিজয়ের অভিনয় জীবনের বড় অংশ জুড়ে ছিল মঞ্চ। লিলিট দুবের জনপ্রিয় নাটক ‘ড্যান্স লাইক আ ম্যান’-এ বিজয় ‘জয়রাজ’ চরিত্রে অভিনয় করতেন। সেই স্মৃতি রোমন্থন করে লিলিট আরও লেখেন, ‘শান্তিতে ঘুমাও আমার জয়রাজ… তোমাকে কোনোদিন ভুলব না। তুমি এখানে যেমন আমাদের বিনোদন দিয়েছো, স্বর্গের দেবতাদেরও সেভাবেই আনন্দ দিও। তাঁর স্ত্রী স্মিতা এবং দুই মেয়ে নাইরিকা ও ফ্রেয়ানের জন্য অনেক ভালোবাসা ও প্রার্থনা।’বিজয় কৃষ্ণের মৃত্যুতে একটি যুগের অবসান হলো। বিশেষ করে যাঁরা নব্বইয়ের দশকের শেষ বা দু’হাজারের শুরুর দিককার বলিউড ছবির অনুরাগী, তাঁদের কাছে তিনি ছিলেন এক অত্যন্ত নির্ভরযোগ্য চরিত্রাভিনেতা। মুম্বইতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *