আপাতত অনেকদিন পর ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর তারই মাঝে সামনে এল এক মিষ্টি মুহূর্ত। সিনেমার মিউজিক রিলিজের অনুষ্ঠানে ‘ইন্ডাস্ট্রি’র হাত ধরে হাঁটতে দেখা যায় এই কিউটের ডিব্বাকে। চেনেন এই খুদেকে?
এই বাচ্চাটার মা-বাবার বিয়ে নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছিলেন প্রসেনজিৎ খোদ। ঠিকই ধরেছেন, বাচ্চাটি দুর্নিবার সাহা ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী ঐন্দ্রিলা সেনের। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এই দম্পতির কোলজুড়ে আসে তাঁদের প্রথম সন্তান, যার নাম রাখা হয়েছে ধিয়ান।
‘সারেগামাপা’ খ্যাত গায়ক দুর্নিবার সাহা ২০২৩ সালের ৯ মার্চ সাতপাকে ঘোরেন মোহরের সঙ্গে। যদিও এই সম্পর্ক ও বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক হয়েছিল। তাঁদের এই বিয়েতে ইন্ডাস্ট্রির অনেক তারকার পাশাপাশি উপস্থিত ছিলেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি মোহরকে নিজের কন্যাসমান মনে করেন। এমনকী নিজে দাঁড়িয়ে থেকে বিয়ের সব কাজ করেছিলেন প্রসেনজিৎ। হাজির ছিলেন অভিনেতা-পুত্র মিশুকও। বিয়ের পর থেকে নবদম্পতি যখনই সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি বা পোস্ট দিতেন, তখন নেটিজেনদের একাংশ তাঁদের ব্যঙ্গবিদ্রুপ ও আক্রমণ করতেন।
দুর্নিবার সাহার প্রথম বিয়ে হয়েছিল ২০১৭ সালে। আইনি কাগজে সইসাবুদ করে বিয়ে করেছিলেন তাঁরা। এরপর ২০২১ সালে হয় দুজনের সামাজিক বিয়ে। যদিও বছর ঘোরার আগেই ২০২২ সালের মাঝামাঝি সময়ে তাঁরা আইনিভাবে আলাদা হয়ে যান। আর এই প্রথ বিয়ের কারণেই নেটপাড়ার চরম ট্রোলের মুখে পড়তে হয়েছিল দুর্নিবার ও মোহরকে।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত এবং সৌরভ পালোধি পরিচালিত নতুন বাংলা ছবি ‘অনেকদিন পর’ শুক্রবার ২৬ জুন সিনেমা হলে মুক্তি পেয়েছে, যা বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক, একাকীত্ব এবং নিঃশর্ত আবেগের এক সুন্দর গল্প বলে। প্রধান চরিত্রে অভিনয় করেন চিত্রাঙ্গদা শতরূপা, বিমল গিরি, শংকর দেবনাথ এবং দেবেশ রায় চৌধুরী। সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক ও সমালোচকদের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পাচ্ছে।
