প্রেমদিবসে এক হতে চলেছেন রণজয়-শ্যামৌপ্তি

Spread the love

নতুন বছর শুরু হতে না হতেই একের পর এক বিয়ের খবর শুনতে পাওয়া যাচ্ছে। ২৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। যদিও দেবমাল্যর সঙ্গে তাঁর বিয়ের খবর তিনি গত বছরেই জানিয়েছিলেন সকলকে। এখন শুধুই চলছে আইবুড়ো ভাতের পালা।

মধুমিতার বিয়ে নিয়ে যখন টলিউড জুড়ে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই শুনতে পাওয়া গেল আরও একটি বিয়ের খবর। জানা গিয়েছে, আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই বিয়ে করতে চলেছেন রণজয়। পাত্রী শ্যামৌপ্তি মুদলি।বিগত বেশ কয়েক মাস ধরে এই তারকা জুটির প্রেমের খবর শুনতে পাওয়া যাচ্ছিল সর্বত্র, যদিও নিজেদের সম্পর্কের কথা কখনও প্রকাশ্যে আনেননি তাঁরা। তবে জন্মদিনের পার্টি হোক অথবা কোনও অনুষ্ঠান, রণজয়কে সব সময় আগলে রাখতে দেখা গিয়েছে ‘বিশেষ বন্ধু’কে।

এবার একেবারে পাকাপাকি ভাবে নিজের সম্পর্কের ওপর শিলমোহর দিলেন তারকা জুটি। আগামী ১৫ ফেব্রুয়ারি দুই পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। যদিও বিয়ের ভেন্যু সম্পর্কে কিছু এখনও জানতে পারা যায়নি।

প্রসঙ্গত, ‘গুড্ডি’ ধারাবাহিক থেকেই নাকি একে অপরের কাছাকাছি এসেছিলেন তাঁরা। প্রথমে শুধুমাত্র বন্ধুত্ব থাকলেও পরে ধীরে ধীরে তা বিশেষ সম্পর্কে পরিণত হয়। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও যখন এই দুজনকে সর্বত্র একসঙ্গে দেখা যায় তখন আর দুইয়ে দুইয়ে চার করতে বিন্দুমাত্র দেরি হয়নি ভক্তদের।যদিও শুধুমাত্র ‘গুড্ডি’ নয়, একটি মিউজিক ভিডিওতেও একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। বয়সের ফারাক নিয়ে অনেকে অনেক কথা বললেও সেই বিতর্ককে পেছনে ফেলে দিয়েই এবার নিজেদের নতুন জীবন শুরু করতে চলেছেন এই তারকা জুটি।

প্রসঙ্গত, রণজয় শেষ কাজ করেছিলেন জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে। অন্যদিকে ছোট পর্দার গণ্ডি পেরিয়ে শ্যামৌপ্তি ‘রঙ্কিনী ভবন’ সিরিজে অভিনয় করেছেন। তবে এই মুহূর্তে দুজনেই নিজেদের কাজকে দূরে রেখে জোরকদমে মেতে রয়েছেন বিয়ের প্রস্তুতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *