তিলোত্তমার বুকে ঘটে যাওয়া সেই নৃশংস আরজি কর কাণ্ড এবার রূপালি পর্দায়। খোদ কলকাতার বুকে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। সেই ক্ষোভ, সেই প্রতিবাদ এবং ঘটনার অন্তরালে থাকা ‘অজানা সত্য’ এবার সেলুলয়েডে তুলে আনতে চলেছেন পরিচালক তথা বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা । ছবির নাম রাখা হয়েছে ‘অভয়া শক্তি’। ছবিটির প্রযোজনার দায়িত্বে থাকছেন টলিউডের অন্যতম আলোচিত প্রযোজক রানা সরকার।
রাজনৈতিক যোগ ও বিতর্কের আবহ
ছবিটি ঘিরে বিনোদন জগতের পাশাপাশি রাজনৈতিক মহলেও ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। কারণ ছবির পরিচালক শঙ্কুদেব পণ্ডা বর্তমানে পদ্ম শিবিরের এক পরিচিত মুখ ও নেতা। আরজি করের ঘটনার পর থেকেই নির্যাতিতার বিচার চেয়ে এবং শাসকদলের বিরুদ্ধে পথে নেমে জোরালো আন্দোলন গড়ে তুলেছিল বিজেপি। অন্যদিকে, পোস্টার এবং ছবির নামকরণে রাখা হয়েছে ‘অভয়া’ শব্দটি— আরজি করের নির্যাতিতাকে ভালোবেসে, তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আমজনতা ও আন্দোলনকারীরা যে নাম দিয়েছিলেন। এবার সেই ‘অভয়া’র লড়াই ও বিচার চাওয়ার প্রেক্ষাপটকেই রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন শঙ্কুদেব।
‘বরদাস্ত করার দম থাকতে হবে’
ছবির প্রথম পোস্টার (image.png) প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক চিকিৎসকের ব্যাক-প্রোফাইল, যার এক হাতে স্টেথোস্কোপের পাশাপাশি অন্য হাতে ধরা রয়েছে রুদ্রমূর্তিধারী এক ত্রিশূল। ছবির ট্যাগলাইনে লেখা— ‘She Cares. She Fights. She Empowers.’
রিচালকের দাবি, এই ছবিতে এমন কিছু রাজনৈতিক সমীকরণ এবং আরজি কর কাণ্ডের নেপথ্যের বিস্ফোরক তথ্য তুলে ধরা হবে যা সাধারণ মানুষের ভাবনার অতীত। শঙ্কুদেবের কথায়,‘এই কাণ্ডের এমন সব অজানা তথ্য ছবিতে উঠে আসবে, যা বরদাস্ত করার দম থাকতে হবে দর্শকদের।’

বড়পর্দায় কবে?
প্রযোজক রানা সরকার বরাবরই চেনা ছকের বাইরে গিয়ে সমসাময়িক ও বাস্তবধর্মী বিষয়ে ছবি করতে ভালোবাসেন। তাঁর এই নতুন উদ্যোগ টলিউডে কতটা ঝড় তোলে, এখন সেটাই দেখার। সব ঠিকঠাক থাকলে চলতি বছরের ‘বড়দিনে’ (ক্রিসমাস) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘অভয়া শক্তি’। বিনোদন দুনিয়ার মতে, শীতের মরশুমে এই ছবি বক্স অফিসের পাশাপাশি রাজনৈতিক পারদও বেশ কয়েক ডিগ্রি বাড়িয়ে দেবে।