Shaokat Mollah NIA Raid: ভাঙড়ের বামুনিয়া বিস্ফোরণকাণ্ডের তদন্তে বৃহস্পতিবার সকালে বড় পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তদন্তের সূত্র ধরে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার জীবনতলার বাড়িতে হানা দেন এনআইএ আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে সকালেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়। তবে তদন্তকারী দল পৌঁছনোর আগেই শওকত মোল্লা বাড়ি ছেড়ে চলে যান বলে খবর।
প্রতিবেদন অনুযায়ী, পরে শওকতের ছেলে ইমরান মোল্লাকে সঙ্গে নিয়ে এনআইএ আধিকারিকরা বাড়িতে প্রবেশ করেন এবং তল্লাশি শুরু করেন। শুধু বাড়িই নয়, শওকত মোল্লার দলীয় কার্যালয়েও তল্লাশি চালানো হয়। একই সময়ে এনআইএ-র আরেকটি দল মৌখালিতে ইমরান মোল্লার ক্যাফেতেও তল্লাশি চালায় বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণ। ওই ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল এবং বেশ কয়েকজন আহত হন। ঘটনার তদন্তভার বর্তমানে এনআইএ-র হাতে রয়েছে। এর আগে এই মামলায় আহিদুল ইসলাম নামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল এনআইএ। সেই গ্রেফতারির পর তদন্ত আরও এগোতে শুরু করে। এই আবহে বৃহস্পতিবারের অভিযানে একটি দল শওকত মোল্লার বাড়ি ও দলীয় কার্যালয়ে তল্লাশি চালায়। অন্য একটি দল যায় বামুনিয়া এলাকায়, যেখানে বিস্ফোরণটি ঘটেছিল। বিস্ফোরণস্থলের আশপাশের একাধিক বাড়িতেও তল্লাশি চালানো হয়। পাশাপাশি ধৃত তৃণমূল নেতা আহিদুল ইসলামের বাড়িতেও তদন্তকারীরা অভিযান চালান।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, নির্বাচনের আগে এলাকায় বিপুল পরিমাণ বোমা মজুত করে রাখা হয়েছিল। উদ্দেশ্য ছিল এলাকায় ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করা। সেই সম্ভাব্য ষড়যন্ত্র, বিস্ফোরকের মজুতকরণ এবং এর সঙ্গে কারা জড়িত ছিলেন, সে বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

মামলার তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। শওকত মোল্লার বাড়ি, তাঁর দলীয় কার্যালয়, ছেলের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বিস্ফোরণকাণ্ডের সঙ্গে যুক্ত বলে সন্দেহভাজন বিভিন্ন ব্যক্তির বাড়িতে একযোগে তল্লাশি চালানোয় তদন্তে নতুন তথ্য উঠে আসতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ভাঙড় বিস্ফোরণকাণ্ডে এনআইএ-র এই অভিযান রাজ্যের রাজনৈতিক মহলেও যথেষ্ট আলোড়ন তৈরি করেছে।