বিদেশে বসে মোদী সরকারকে ‘গণতন্ত্র’ তোপ রাহুলের

Spread the love

‘গণতন্ত্রের উপর আক্রমণ ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি।’ কলম্বিয়া সফরে গিয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সম্প্রতি দক্ষিণ আমেরিকার একাধিক দেশে গিয়েছেন লোকসভার কংগ্রেস নেতা। সেখানে একাধিক দেশের প্রেসিডেন্ট ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন রাহুল। মার্কিন যুক্তরাষ্ট্র যে ভাবে ভারতের উপরে শুল্ক চাপিয়েছে সেই আবহে দক্ষিণ আমেরিকার একাধিক শিল্পপতির সঙ্গে বৈঠকে বিকল্প পথের খোঁজও করবেন তিনি।

এই আবহে কলম্বিয়ার ইআইএ বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় রাহুল গান্ধী বলেন, ‘ভারতে বিভিন্ন ধর্ম, ঐতিহ্য এবং ভাষা রয়েছে। ভারতের মতো বৈচিত্র্যপূর্ণ দেশে গণতন্ত্রের প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে, ভারতের সামনে সবচেয়ে বড় হুমকি হলো গণতন্ত্রের উপর আক্রমণ।’ তিনি সতর্ক করে বলেন যে, যদি বিভিন্ন ভাষা, ধর্ম এবং ঐতিহ্যকে দমন করা হয়, তাহলে দেশের বিভাজন আরও গভীর হবে। অনুষ্ঠান চলাকালীন রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারত এবং চিন আগামী ৫০ বছরে বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত কিনা। জবাবে তিনি বলেন, ‘আমি চিন সম্পর্কে জানি না, তবে আমার মনে হয় না ভারত নিজেকে বিশ্বনেতা বলে মনে করে। চিনের তুলনায় ভারতের জনসংখ্যা অনেক বেশি। এছাড়াও ভারতের ব্যবস্থা খুবই জটিল। আমাদের শক্তি এই বৈচিত্র্যের মধ্যে নিহিত। আমরা চিনের মতো মানুষকে দমন করে একনায়কতন্ত্র চালাতে পারি না। ভারতের কাঠামো গণতান্ত্রিক, যেখানে সবাই সমান সম্মান পায়।’

মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে কংগ্রেস সাংসদ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেরুকরণের রাজনীতি মূল লক্ষ্য বেকাররা, যারা উৎপাদন খাতে চাকরি হারিয়েছেন। ভারতেও বেকারত্ব একটি গুরুতর সমস্যা, এবং এটি সমাধান না করলে গণতন্ত্র এবং সমাজের উপর চাপ বাড়তে থাকবে। তিনি আরও বলেন, ভারতে অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও, আমরা যুবকদের চাকরি দিতে পারছি না, কারণ আমরা পরিষেবা-ভিত্তিক অর্থনীতি এবং উৎপাদন করতে পারছি না। মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের মেরুকরণ রাজনীতির শিকার বেশিরভাগ মানুষ উৎপাদন খাতে চাকরি হারিয়েছেন। চিন অগণতান্ত্রিক পরিবেশে উৎপাদন প্রদর্শন করেছে, কিন্তু আমাদের একটি গণতান্ত্রিক কাঠামো প্রয়োজন। অতএব, চ্যালেঞ্জ হল একটি গণতান্ত্রিক পরিবেশে উৎপাদনের একটি মডেল তৈরি করা যা চিনের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে।’

এদিকে, কলম্বিয়ায় রাহুল গান্ধীর মন্তব্যের বিরুদ্ধে করা প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী-বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত । তিনি বলেছেন, ‘সকলেই জানেন যে রাহুল গান্ধী সর্বত্র দেশকে অপমান করার চেষ্টা করছেন, সমালোচনা করছেন। যদি তিনি দেশের সমালোচনা করে বলেন যে জনগণ সৎ নয়, তাহলে তাহলে আমি তাকে অপমানজনক বলব। তিনি সর্বদা দেশকে অপমান করেন, এবং দেশ তাঁর জন্য লজ্জিত।’ কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আবার বলেন, বিদেশে গিয়ে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে অপমান করা রাহুল গান্ধীর অভ্যাসে পরিণত হয়েছে। দেশের মানুষ এই আচরণ মেনে নেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *