মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধজাহাজ পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প

Spread the love

মধ্যপ্রাচ্যে দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার (বিমানবাহী রণতরী) স্ট্রাইক গ্রুপ মোতায়েনের বিষয়টি বিবেচনা করার কথা জানিয়েছেন ডনাল্ড ট্রাম্প, যা তেহরানের ওপর চাপ আরও বাড়াবে। ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই স্থানীয় সময় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট।

আনাদোলু এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

প্রতিবেদন অনুসারে, অ্যাক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘ওখানে (মধ্যপ্রাচ্য) একটি আর্মাডা (বড় বহর) যাচ্ছে এবং আরও একটিও যেতে পারে।’ অতিরিক্ত মোতায়েনের বিষয়টি ‘ভাবছেন’ বলে নিশ্চিত করেছেন তিনি।

একজন মার্কিন কর্মকর্তা জানান, দ্বিতীয় একটি স্ট্রাইক গ্রুপ পাঠানোর বিষয়ে অভ্যন্তরীণ আলোচনা চলছে, যা বর্তমানে ওই অঞ্চলে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিংকনের সঙ্গে যোগ দেবে। 

গত জুনে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্প বলেন, 

হয় আমরা একটি চুক্তি করব, না হলে আগেরবারের মতো খুব কঠিন কিছু করতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট জানান, আগামী সপ্তাহে ইরানি কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা হবে বলে তিনি আশা করছেন এবং দাবি করেন, তেহরান এখন আরও গুরুত্বের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছে।

বলপ্রয়োগে তার আগ্রহ কূটনৈতিক পরিস্থিতি বদলে দিয়েছে বলেও মনে করছেন ট্রাম্প। বলেছেন, ‘গতবার তারা বিশ্বাস করেনি যে আমি এটা করব (ইরানে হামলা)। ইরানের নেতৃত্ব আগে অতিরিক্ত বাড়াবাড়ি করেছিল।’

ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তর্ভুক্ত করে একটি চুক্তি করা ‘খুবই সহজ বিষয়’ এবং তিনি দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ন্ত্রণে আশাবাদ ব্যক্ত করেন। বলেন, ‘আমরা ইরানের সঙ্গে একটি চমৎকার চুক্তি করতে পারি।’

ওমানের মধ্যস্থতায় গেল শুক্রবার অনুষ্ঠিত বৈঠকের মাধ্যমে প্রায় আট মাসের বিরতির পর ইরান ও যুক্তরাষ্ট্র আবারও পারমাণবিক আলোচনায় বসেছে। পরবর্তী দফা বৈঠকের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *