যুদ্ধে টালমাটাল আকাশপথ! আরও একগুচ্ছ বিমান বাতিল Air India-র

Spread the love

ইরান বনাম ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতে চরম অস্থিরতা বিশ্বজুড়ে। আর এই সংঘাত ঘনীভূত হতেই কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের আকাশপথ। পশ্চিম এশিয়ার একাধিক আকাশসীমা বন্ধ হওয়ায় রবিবার একঝটকায় একগুচ্ছ ফ্লাইট বাতিলের ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালানোর পরপরই সেখানকার একাধিক দেশ আকাশপথ বন্ধ করে দেয়। এরফলে গতকাল থেকেই বহু যাত্রী বিমানবন্দরে আটকে পড়েছেন। কখনও পরিষেবা পাওয়া যাবে, তাও জানেন না। রবিবারও দৃশ্যটা ঠিক একই।

বর্তমানে ইরান থেকে ইজরায়েল, কাতার থেকে আবুধাবি সমগ্র অঞ্চলে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। একাধিক এলাকায় হামলার শব্দ শোনা যাচ্ছে বলে খবর। এই পরিস্থিতিতে ইরান, ইজরায়েল, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহি, জর্ডান এবং সিরিয়ার মতো দেশগুলি তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রেখেছে। ফলে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে বিমান চলাচল কার্যত স্তব্ধ। বিমান সংস্থাগুলির দাবি, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া মধ্যপ্রাচ্যে তাদের সমস্ত ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ‘আমরা যাত্রী ও ক্রুদের নিরাপত্তার প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত মূল্যায়ন করে প্রয়োজনে ফ্লাইট পরিচালনায় পরিবর্তন আনা হবে।’ একই সঙ্গে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ১ মার্চ ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পশ্চিমমুখী আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা করেছে।

বাতিল হওয়া এয়ার ইন্ডিয়া বিমানের তালিকা

এয়ার ইন্ডিয়ার বাতিল হওয়া আন্তর্জাতিক বিমানের তালিকা এখানে দেওয়া হল:

AI131/ AI130: মুম্বই-লন্ডন (হিথরো) / লন্ডন (হিথরো)-মুম্বই

AI113/ AI118: দিল্লি- বার্মিংহাম / বার্মিংহাম-দিল্লি

AI155/ AI156: দিল্লি-আমস্টারডাম / আমস্টারডাম-দিল্লি

AI151/ AI152: দিল্লি-জুরিখ / জুরিখ-দিল্লি

AI137 / AI138: দিল্লি-মিলান / মিলান-দিল্লি

AI153 / AI154: দিল্লি-ভিয়েনা / ভিয়েনা-দিল্লি

AI133 / AI132: বেঙ্গালুরু-লন্ডন (হিথরো) / লন্ডন (হিথরো)-বেঙ্গালুরু

AI157 / AI158: দিল্লি-কোপেনহেগেন / কোপেনহেগেন/দিল্লি

AI2017 / AI2018 এবং AI2015/AI2016: দিল্লি-লন্ডন (হিথরো) / লন্ডন (হিথরো)-দিল্লি

AI2029 / AI2030: দিল্লি-ফ্রাঙ্কফুর্ট / ফ্রাঙ্কফুর্ট/দিল্লি

অন্যদিকে, ইন্ডিগো ইরান ও আশপাশের আকাশসীমা নিয়ে পরামর্শ জারি করে যাত্রীদের ফ্লাইট স্ট্যাটাস যাচাই করার অনুরোধ করেছে। কাতারের আকাশসীমা বন্ধ হওয়ায় কাতার এয়ারওয়েজ সাময়িকভাবে ফ্লাইট বন্ধ করেছে। জাপান এয়ারলাইন্স টোকিও–হানেদা–দোহা রুটের পরিষেবা বাতিল করেছে। সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ৭ মার্চ পর্যন্ত তেল আবিবের ফ্লাইট বন্ধ রেখেছে এবং জুরিখ–দুবাই পরিষেবাও বাতিল করেছে। এদিকে, স্পাইসজেট আশঙ্কা প্রকাশ করেছে যে দুবাই আকাশসীমা বন্ধ থাকায় তাদের কিছু ফ্লাইটও ব্যাহত হতে পারে। সব মিলিয়ে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি আন্তর্জাতিক বিমান পরিষেবাকে বড়সড় ধাক্কা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে বিমান সংস্থাগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *