গত চার দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন রাজেশ শর্মা। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। প্রথম দিন থেকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে গোটা ব্যাপারটা তত্ত্বাবধানে রাখছেন। সকাল বিকেল হাসপাতালে যাচ্ছেন অগ্নিদেব এবং সুদীপা চট্টোপাধ্যায়। এবার রাজেশকে দেখতে হাসপাতালে এলেন ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
রাজেশের সঙ্গে দেখা করে অভিনেতার স্বাস্থ্যের আপডেট নেন মন্ত্রী। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। এদিন অভিনেতার আপ্ত সহায়ক জানিয়েছেন, রাজেশ আগের থেকে অনেকটা ভালো আছেন। ক্রীড়া মন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। হাসিমুখেই কথাবার্তা চলে।
প্রসঙ্গত, প্রথমে জানা যায় হায়দরাবাদে শুটিং চলাকালীন একটি বিষাক্ত মাকড়সার কামড়ে অসুস্থ হয়ে পড়েন রাজেশ শর্মা। পরবর্তীকালে অভিনেতাকে ভর্তি করানো হয় হাসপাতালে। গত মঙ্গলবার সুদীপা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন, রামোজি ফিল্ম সিটিতে শুটিং চলাকালীন বিষাক্ত মাকড়সার কামড়ে অসুস্থ হয়ে পড়েন রাজেশ। খুব তাড়াতাড়ি সংক্রমণ ছড়িয়ে পড়ে গোটা শরীরে। সংক্রমণ যাতে ফুসফুস অবধি না পৌঁছাতে পারে তার জন্য চেষ্টা করছেন চিকিৎসকরা। জ্বর রয়েছে, রয়েছে শ্বাসকষ্টও।
এরপরই অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন গোটা ঘটনাটির তদন্তের দাবিতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে আবেদন করেন। শুটিং চলাকালীন কেন এমন ঘটনা ঘটলো, তা নিয়ে তদন্তের আবেদন করে এই সংস্থা। এমন কি রাজেশের চিকিৎসার সমস্ত দায়ভার যাতে প্রযোজক সংস্থা নেয়, সেই আবেদনও করে তারা।

কিন্তু আশ্চর্যজনকভাবে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজেশের আপ্ত সহায়ক জানান, কোনও প্রকার কামড়ে নয় বরং সুগারের ওঠানামার কারণেই এই সমস্যা হয়েছে। যে সংক্রমণ হয়েছে সেটা ত্বকে হয়েছে, শরীরের ভেতরে কোনও সংক্রমণ হয়নি। রাজেশ শর্মা এখন অনেকটাই সুস্থ আছেন এবং খুব তাড়াতাড়ি তিনি বাড়ি ফিরে আসবেন।