রাশিয়ার বাশকোরতোস্তান প্রজাতন্ত্রের একটি বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অন্তত চার ভারতীয় শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মস্কো থেকে প্রায় ১২০০ কিলোমিটার দূরে বাশকোরতোস্তান প্রজাতন্ত্রের রাজধানী উফায় এই ঘটনা ঘটেছে। রিপোর্টে জানা গেছে, এই হামলায় মোট আটজনকে টার্গেট করা হয়েছিল। সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং ভারতীয় মিশনের তরফে এই তথ্য জানানো হয়েছে। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার বাশকোরতোস্তান প্রজাতন্ত্রের উফার স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির হোস্টেলে ছুরি নিয়ে এক কিশোর প্রবেশ করে। সেখানে বসবাসরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় সেই যুবক।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইরিনা ভল্ক বলেন, ‘হামলাকারীকে গ্রেফতার করতে গেলে দুই পুলিশ কর্মকর্তাকেও ছুরিকাঘাত করে সে। এছাড়া সন্দেহভাজন নিজেও জখম হয়েছে।’ এটিকে ‘দুর্ভাগ্যজনক ঘটনা’ হিসেবে বর্ণনা করে ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, ‘চার ভারতীয় ছাত্রসহ বেশ কয়েকজন আহত হয়েছেন এই ছুরিকাঘাতের ঘটনায়।’ দূতাবাস জানিয়েছে, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে এবং আহত শিক্ষার্থীদের সহায়তা দিতে কাজানের কনস্যুলেটের কর্মকর্তারা উফার উদ্দেশে রওনা হয়েছেন।
রাশিয়ার ফেডারেল স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হামলায় আহত চারজন চিকিৎসা নিচ্ছেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকি তিনজনের অবস্থা শঙ্কামুক্ত। এদিকে ধৃত সেই হামলাকারী এক ১৫ বছর বয়সি কিশোর বলে জানা গিয়েছে। তাকেও গুরুতর অবস্থায় স্থানীয় এক শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। দাবি করা হচ্ছে, হামলাকারী নিষিদ্ধ এক নব্য নাৎসি সংগঠনের সঙ্গে যুক্ত।

এদিকে এই ঘটনায় সর্বভারতীয় মেডিক্যাল পড়ুয়াদের সংগঠন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছে। রাশিয়ার ঘটনায় কূটনৈতিক ভাবে হস্তক্ষেপের দাবি জানানো হয়। এদিকে ভারতীয় পড়ুয়াদের সুরক্ষা বৃদ্ধির জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার জন্যেও আবেদন জানানো হয়। এছাড়া আহত ভারতীয় পড়ুয়ারা যাতে সুবিচার পান, তাও নিশ্চিত করার জন্য আবেদন করা হয়েছে সেই চিঠিতে।