বাংলাদেশি কট্টর ইসলামপন্থী নেতা তথা চরমোনাই পীর মুফতি মহম্মদ রেজাউল করিম জামাতের বিরুদ্ধে তোপ দাগলেন নির্বাচনের মুখে। তিনি অভিযোগ করলেন, জামাত নাকি ভারত এবং আমেরিকার সঙ্গে যুক্ত। তিনি বলেন, ‘আজকে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থান্বেষী মহল। তারা বলেন দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক। তবে এখন এক পাল্লায় দেখি গোপনে আমেরিকা আরেক পাল্লায় দেখি গোপনে ভারত।’ উল্লেখ্য, জামাতের নির্বাচনী প্রতীক হল দাঁড়িপাল্লা।
জামাতকে তোপ দেগে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রধান আরও বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষ। আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, আমরা ভারতের ইনসাফ দেখতে চাই না। আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই। উল্লেখ্য, নিজেদের ইশতেহারে বাংলাদেশে শারিয়া কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছে ইসলামি আন্দোলন। এদিকে নিজেদের ইশতেহারে ভারত সহ অন্যান্য প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে জামাতে ইসলামি।
এদিকে আসন সমঝোতা না হওয়ায় দুই ইসলামি দলের মধ্যে জোট হতে হতেও হয়নি শেষ পর্যন্ত। এই পরিস্থিতিতে রাজনীতির ময়দানে দুই দলের সমর্থকরা একে অপরের ওপর মারমুখি হয়ে উঠেছে। এদিকে জোট না হলেও শীর্ষ পর্যায়ে চরমোনাই এবং জামাতের মধ্যে সদ্ভাব রয়েছে। চরমোনাই পীর এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে প্রার্থী দেয়নি জামাত। তবে কট্টরপন্থী চরমোনাই পীরের অভিযোগ, জামাতের মধ্যে ‘ইসলামি মূল্যবোধের’ কিছুটা হলেও অভাব রয়েছে।

এর আগে দাবি করা হয়েছিল, আমেরিকার সঙ্গে জামাতের ‘বোঝাপড়া’ হয়ে গিয়েছে নির্বাচন নিয়ে। যদিও আমেরিকা এই বিষয়টি অস্বীকার করেছে। তবে মার্কিন সংবাদমাধ্যমেই আমেরিকার এক কূটনীতিকের অডিয়ো ভাইরাল হয়েছে সম্প্রতি। তাতে এক জামাতপন্থী সাংবাদিকের সঙ্গে তাঁকে কথা বলতে শোনা গিয়েছিল। পরে নির্বাচনী জনসভায় এক জামাত প্রার্থীও বলে ফেলেছিলেন, ‘আমেরিকাও চাইছে বাংলাদেশে জামাত ক্ষমতায় আসুক।’