ডিসেম্বরে জমছে শীতের আমেজ। উত্তর থেকে দক্ষিণ, দুই বঙ্গেই কাবু করছে শীত। আবহাওয়া দফতর বলছে, আপাতত ঝোড়ো ব্যাটিং করবে ঠান্ডা। ২৫ ডিসেম্বরের আগে শীতের আমেজ আরও বাড়বে রাজ্যে। কতটা পারদ পতন হবে? আজকের আবহাওয়ার সম্পূর্ণ খবর জেনে নিন।
আবহাওয়া দফতর বলছে, আগামী ২ দিনে রাজ্যে ২ ডিগ্রি তাপমাত্রা কমার আশা। সপ্তাহান্তে ৮ ডিগ্রিতে নামতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। উত্তরবঙ্গে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে পারদ। অন্যদিকে, শুক্রবার শুধু কলকাতাতেই ১৩ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা। এদিন আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। তবে কলকাতার এই তাপমাত্রা স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। গত কয়েকদিন শীতের পথে বাধা হচ্ছিল পশ্চিমী ঝঞ্ঝা। তবে আবহাওয়া দফতর বলছে, বর্তমানে সে ঝঞ্ঝা কেটে গিয়েছে। ফলত ঠান্ডা বাড়বে। রাজ্যজুড়ে বজায় থাকবে শীতের আমেজ। ২৭ ডিসেম্বরের মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। বড়দিনেও জাঁকিয়ে থাকবে শীতের আমেজ। বর্ষ শেষের বাকি দিনগুলিতে একই রকম থাকবে আবহাওয়া। এদিকে আবহাওয়া দফতর বলছে, সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা নামতে পারে ১২-১৩ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট আরও বেশি থাকবে। আপাতত সর্বনিম্ন তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও চলতি সপ্তাহে তা ৯ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। উত্তরবঙ্গেরও কিছু জেলাকে ঠান্ডায় টেক্কা দেবে পশ্চিমাঞ্চল।
নতুন বছরে ঊর্ধ্বমুখী পারদ
আবহাওয়া দফতর বলছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বছরের শুরুতে ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। গত কয়েকদিন ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল দক্ষিণবঙ্গ। ঘন কুয়াশার জেরে বন্ধ কাটোয়া- বল্লভপাড়া ফেরিঘাট। এদিন ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে কাটোয়া। দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে কাটোয়া-বল্লভপাড়া,ফেরিঘাট। আপাতত কুয়াশার প্রভাব কিছুটা কমেছে। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই আগামী সাতদিনে। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। শুষ্ক আবহাওয়ায় শীতের আমেজ থাকবে ভরপুর।

এক নজরে উত্তরবঙ্গ
কুয়াশার দাপট চলছে উত্তরবঙ্গেও। গোটা ডুয়ার্স জুড়ে ঘন কুয়াশার দাপট। সকাল ৯ টার পরেও রাস্তায় লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে সমস্ত গাড়িকে। আবহাওয়া দফতর বলছে, উত্তরবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সব জেলাতেই। কোথাও কোথাও ঘন কুয়াশায় দৃশ্যমানতা নেমে যেতে পারে। উত্তরবঙ্গে ঠান্ডা আরও বেড়েছে, আগামী দু-তিন দিনে আরও তাপমাত্রা নামার পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই উত্তরে পার্বত্য এলাকার তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। আরও পারদ পতনের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং-সহ সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আগামী কয়েকদিন। পার্বত্য এলাকা এবং উপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। মালদহ ও সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।