শেষ হয়ে যাবে প্রতীক-অনুষ্কার ‘আমাদের দাদামণি’?

Spread the love

টিআরপির কারণে দু-তিন মাস চলার পরই বন্ধ হচ্ছে বহু মেগা। তবে সেই জায়গা থেকে ব্যতিক্রম ‘আমাদের দাদামণি’। এই ধারাবাহিকটি গত বছর শুরু হয়েছিল। এই মেগার সঙ্গেই একই স্লটে স্টার জলসা এনেছিল ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। সেই মেগা শেষ হয়েছে বেশ কয়েক মাস হয়ে গেল। কিন্তু ‘আমাদের দাদামণি’ এখনও টিকে। যদিও মাঝে বহুবার হয়েছে স্লট পরিবর্তন। তবে এবার গুঞ্জন এই মেগা নাকি শেষ হতে চলেছে?

গত বছর ৭ জুলাই থেকে শুরু হয়েছিল ‘দাদামণি’। প্রতীক সেন এবং অনুষ্কা চক্রবর্তীকে এই মেগায় মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে। এই মেগা মূলত চার বোন ও তাদের দাদার সম্পর্কের গল্প নিয়ে তৈরি।

বেশ কিছুদিন ধরেই জি বাংলার এই ধারাবাহিক শেষ হতে পারে বলে কানাঘুষোয় শোনা যাচ্ছিল। এবার কি সত্যি শেষ হতে চলেছে প্রতীকের মেগা? আজকাল ডট ইনের একটি প্রতিবেদন অনুসারে রবিবারের মধ্যে নাকি এই ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিং হতে পারে।শুরুতে ‘রাণী ভবানী’ সঙ্গে এই মেগা পাল্লা দিতে না পারলেও পরে ধীরে ধীরে দর্শকদের মনে জায়গা করে নেয়। একসময় ‘রাণী ভবানী’কেও পিছনে ফেলে দেয়। তারপর টিআরপি তালিকায় সেরা দশেও নিজের জায়গা পাকা করে ‘দাদামণি’। তবে একাধিকবার স্লট পরিবর্তনের মুখে পড়তে হয় এই ধারাবাহিককে। ফলে খুব স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়েছে টিআরপিতে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথমে ‘দাদামণি’ স্লট বদল হয়ে রাত ১০.১৫ থেকে সম্প্রচারিত হত। তারপর আবার ২৭ মার্চ থেকে রাত ১১টায় এই ধারাহিকের সম্প্রচার শুরু হয়। জি বাংলার আসন্ন দুই নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ ও ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’-এর স্লটের কারণেই নাকি এই বদল। তার মাঝেই গুঞ্জন এই মেগা নাকি এবার শেষ হয়ে যেতে পারে।

প্রসঙ্গত, সম্প্রতি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘তুই আমার হিরো’ শেষ হয়েছে। তবে কেবল জি বাংলা নয় স্টার জলসাতেও একাধিক মেগা শেষ হয়েছে। যদিও তার কারণ টিআরপি নয়। গত মাসের ২৯ তারিখ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’র শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে মারা যান রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়। তাঁর এই মৃত্যুতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অব্যবস্থা ও গাফিলতির অভিযোগ ওঠে। সেদিন ঠিক কী ঘটে ছিল? তা জানতে চেয়ে আর্টিস্ট ফোরাম একটি চিঠি দিয়েছিল প্রযোজনা সংস্থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *