শ্যুটিং ফ্লোরে মদ-সহ নেশা দ্রব্য নিষিদ্ধ করার প্রস্তাব দিলেন প্রযোজক রানা সরকার?

Spread the love

গত ২৯ মার্চ রাহুল অরুণোদয় বন্দ্য়োপাধ্যায় তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে প্রয়াত হন। তাঁর এই মৃত্যুতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অব্যবস্থা ও গাফিলতির অভিযোগ ওঠে। পাশাপাশি শিল্পী নিরাপত্তার দিকটিও বার বার উঠে আসে আলোচনায়। অনেক অভিনেতা অভিনেত্রী শ্যুটিংয়ের সময় তাঁদের নানা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। আর সবটা মিলিয়ে টলিপাড়ায় কর্মবিরতির ডাক দেওয়া হয়। বলা হয় যতক্ষণ না পর্যন্ত শিল্পীদের নিরাপত্তা সংক্রান্ত বিধি সঠিক ভাবে নির্ধারণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনও শিল্পী কাজ করবেন না।

তারপর বৈঠক হয় আর সেই বৈঠকের পর কর্মবিরতি উঠে যায়। পাশাপাশি জানানো হয় এরপর শিল্পী ও টেকনিশিয়ানদের নিরাপত্তা সংক্রান্ত নতুন বিধি আনা হবে। সেগুলি যথা সময় সকলকে জানানো হবে। কী কী নিয়ম আসবে তা এখনও আলোচনার পর্যায়। এর মধ্যেই প্রযোজক রানা সরকার নেশাদ্রব্য ও নেশা সম্পর্কে একটি প্রস্তাব দিয়েছেন।

টিভি ৯ বাংলার একটি প্রতিবেদন অনুসারে রানা আর্টিস্ট ফোরামের কাছে প্রস্তাব করেছেন যাতে নেশা সংক্রান্ত কড়া নিয়ম চালু করা হয়। প্রস্তাবে বলা হয়েছে, ‘শ্যুটিং চলাকালীন মদ এবং অন্যান্য সাইকোট্রপিক পদার্থের ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ করতে হবে। এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ শ্যুটিং সূচি জুড়ে বলবৎ থাকবে। আউটডোর শ্যুটিং-এর ক্ষেত্রে, এই নিষেধাজ্ঞা যাত্রা শুরুর সময় থেকে মূল স্থানে প্রত্যাবর্তন পর্যন্ত কার্যকর থাকবে। সক্রিয় প্রোডাকশনের সময় এবং যে কোনও স্টুডিও ফ্লোর, সেট বা লোকেশনের সীমানার মধ্যে ধূমপান সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা সমস্ত ইনডোর ও আউটডোর শ্যুটিং এলাকায় প্রযোজ্য থাকবে।’

আরও বলা হয়েছে, ‘যদি কাস্ট ও ক্রুর কোনও সদস্য এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করেন, তবে তাঁকে ন্যূনতম ৩ মাসের জন্য ব্যান করা হবে যা সর্বোচ্চ ১ বছর পর্যন্ত বাড়তে পারে। সঙ্গে ১ লক্ষ টাকা জরিমানা। স্থগিতাদেশের মেয়াদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারণ করবে। উপরোক্ত বিষয়গুলির পাশাপাশি, যদি কাস্ট ও ক্রুর কোনও সদস্যকে মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায়, তবে প্রযোজক, পরিচালক, কার্যনির্বাহী প্রযোজক এবং প্রোডাকশন কন্ট্রোলারও সমান ভাবে দায়ী থাকবেন এবং উল্লিখিত ধারার অধীনে শাস্তিযোগ্য হবেন। কর্তৃপক্ষের সিদ্ধান্ত শুধুমাত্র বিচার বিভাগীয় ফোরামের সামনে চ্যালেঞ্জ করা যেতে পারে। যদি স্ক্রিপ্ট ও গল্পে কোনও দৃশ্যে অ্যালকোহলের ব্যবহার প্রয়োজন হয়, তবে অভিনয়ের জন্য নন-অ্যালকোহলিক বিকল্প এবং নিরাপদ প্রপস ব্যবহার করা হবে।’

এবার দেখার পালা রানার এই প্রস্তাবে কতটা গ্রহণ করা হয়। ১২ এপ্রিল ফের একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে আর কী কী নতুন নিয়ম চালু হয় সেটাও এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *