সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাইরে হঠাৎ গুলির শব্দ শোনা গেছে। এসময় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পসহ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের দ্রুত নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন ডিসির একটি হোটেলে এ ঘটনা ঘটে। ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যসহ হাজারো অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গুলির শব্দ শোনার পর মুহূর্তেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিতদের অনেকেই নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যান।ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ মন্ত্রিসভার সদস্যদের জরুরি ভিত্তিতে দ্রুত সরিয়ে নিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা।সিএনএন-কে একটি সূত্র জানিয়েছে, ট্রাম্প নিরাপদ আছেন। মন্ত্রিসভার সদস্যরাও সুস্থ আছেন। হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে ওয়াশিংটন হিলটন নামের হোটেলে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। এ সময় বেশ কয়েকজন সিক্রেট সার্ভিস এজেন্ট চিৎকার করে বলেন, ‘গুলি চলছে’।
ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং অন্যান্য উপস্থিত ব্যক্তিরা টেবিলের আড়ালে আশ্রয় নিচ্ছেন। এসময় অনেককে ‘নিচে ঝুঁকে পড়ুন!’ ‘নিচেই থাকুন!’ বলে চিৎকার করছেন।
এরপর সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। পরে সশস্ত্র নিরাপত্তা সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে ফেলে। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি উইজিয়া জিয়াং গণমাধ্যমকে বলেন, অনুষ্ঠানটি পুনরায় শুরু হবে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে।
