ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের জয়ের ভবিষ্যদ্বাণী করে মুখ পুড়েছিল আগেই। তবে এবারও সেমিফাইনালের আগে পাকিস্তানি ক্রিকেটার মহম্মদ আমির দাবি করলেন, ইংল্যান্ড এই ম্যাচে জয়ী হবে। তাঁর মতে, ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে ইংল্যান্ডই ফেভারিট। নিজের বিশ্লেষণে আমির বলেন, দল হিসেবে ভারত এখনো ধারাবাহিক ভাবে খেলতে পারেনি। এরই সঙ্গে আমির বলেন, সেমিফাইনাল ম্যাচটি হাই-স্কোরিং হবে এবং যে দল পরে ব্যাট করবে তাদের জয়ের সম্ভাবনা বেশি থাকবে।
পাকিস্তানি এক টিভি চ্যানেলে মহম্মদ আমির বলেন, ‘মুম্বইয়ের উইকেট খুব ভালো। যদি ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করে, তাহলে তাদের জয়ের সম্ভাবনা বেশি থাকবে। কারণ এখানে সাধারণত হাই-স্কোরিং ম্যাচ হয়। ভারতের হয়ে এক বা দুজন ব্যাটারই পারফর্ম করছে। অনেক সময় সেই একজনই দলকে এগিয়ে নিচ্ছে। কিন্তু পুরো ব্যাটিং ইউনিট ভালো ফর্মে নেই। ঈশান কিশান আমাদের বিপক্ষেই শুধু ভালো খেলেছে। অভিষেক ফর্মে নেই। তিলক বর্মা তেমন প্রভাব ফেলতে পারেনি। সূর্যকুমার যাদব সুপার এইটে এসে কিছুই করতে পারেনি। সঞ্জু স্যামসন কিছুটা করেছে, আর জসপ্রীত বুমরা ভালো করছে। এই দল পুরোপুরি আধিপত্য দেখাবে, এমনটা নিশ্চিত করে বলা যায় না। তারা কয়েকজন ক্রিকেটারের ওপরই নির্ভর করে আছে। তাই আমার মতে, এই ম্যাচে ইংল্যান্ডই ফেভারিট।’
ভারতীয় দলের সমালোচনা করে আমির আরও বলেন, ‘ভারত প্রতি ম্যাচে অন্তত তিন, চারটে ক্যাচ ফেলেছে এবং ফিল্ডিংও ফস্কেছে। বুমরা বাদে প্রতিটি বোলারই রান খেয়েছে। আমি আগেই বলেছিলাম হার্দিক পান্ডিয়া কোনওদিন বড় দলগুলির বিরুদ্ধে পারফর্ম করে না। চার ওভারে ও ৪০ রান খেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ বরুণ চক্রবর্তীর বিরুদ্ধেও আক্রমণাত্মক ব্যাটিং করেছে এবং সেমিফাইনালে ওঠা ইংল্যান্ডও কিন্তু স্পিন ভালো খেলে। আমার মতে ভারতীয় দল কিন্তু সেমিফাইনালে পৌঁছলেও এখনও বিশ্বকাপের জন্য ফেভারিট নয়।’ এর আগে সুপার এইট পর্ব চলাকলীন আমিরকে বারংবার পাকিস্তানের এক টিভি শোতে বলতে শোনা গিয়েছিল যে ভারতীয় দল সেমিফাইনালে পৌঁছতে পারবে না। সেই পূর্বাভাসকে মিথ্যে প্রমাণ করে ভারত সেমিফাইনালে পৌঁছেছে।
