৬ জুনের বিক্ষোভের আগে নয়া বার্তা অভিজিতের

Spread the love

৬ জুন দিল্লির যন্তর-মন্তরে প্রস্তাবিত বিক্ষোভের আগে সমর্থকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের দিল্লি আগমন উপলক্ষে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় না করার আবেদন জানিয়েছে সংগঠন। এর আগে অভিজিৎ দিপক সমর্থকদের বিমানবন্দরে এসে তাঁকে অভ্যর্থনা জানানোর আহ্বান জানিয়েছিলেন। তবে প্রত্যাশার চেয়ে অনেক বেশি সাড়া পাওয়ার পর সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে বলে জানানো হয়েছে। সিজেপি-র বক্তব্য, বিপুল সংখ্যক মানুষের জমায়েত হলে বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হতে পারে এবং যাত্রী ও নিরাপত্তাকর্মীদের অসুবিধা তৈরি হতে পারে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরে না এসে সমর্থকদের সরাসরি আন্দোলনের কর্মসূচির দিকে নজর দেওয়াই শ্রেয়। অভিজিৎ দিপক দিল্লিতে পৌঁছে প্রথমে পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে যন্তর-মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য অনুমতি চাইবেন বলেও জানানো হয়েছে। একটি ভিডিও বার্তায় দিপক বলেন, তাঁরা সাধারণ মানুষ বা নিরাপত্তা বাহিনীর কোনও অসুবিধা চান না। একইসঙ্গে আন্দোলনকে শান্তিপূর্ণ ও আইনসম্মত রাখার আবেদনও জানিয়েছেন তিনি। তাঁর দাবি, আন্দোলনের বিরোধীরা সুযোগ খুঁজছে যাতে এই উদ্যোগকে বদনাম করা যায়, তাই সমর্থকদের সংযত আচরণ করা প্রয়োজন।

উল্লেখ্য, সিজেপি দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব। নিট-সহ বিভিন্ন পরীক্ষাকে ঘিরে ওঠা বিতর্কের প্রেক্ষিতে ৬ জুন দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে সংগঠন। এই কর্মসূচিতে সমাজকর্মী সোনম ওয়াংচুকও যোগ দিতে পারেন বলে ইতিমধ্যে জানানো হয়েছে। তবে বিক্ষোভের জন্য এখনও আনুষ্ঠানিক পুলিশি অনুমতি মেলেনি। সেই বিষয়টি নিয়েও আলোচনা চলছে। সিজেপি নেতৃত্ব অবশ্য আশাবাদী যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচির জন্য প্রয়োজনীয় অনুমোদন শেষ পর্যন্ত পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *