৭২ ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধান! কাজে ফিরছেন ব্যান হওয়া শিল্পীরা

Spread the love

রাহুল অরুণোদয়ের মৃত্যুর পর শুধুমাত্র টলিউড শিল্পীদের সুরক্ষা নিয়ে সচেতনতা তৈরি হয়েছে তা নয়, এই একটা ঘটনায় পরপর অনেকগুলি পরিবর্তন এসেছে ইন্ডাস্ট্রিতে। গত ৭ এপ্রিল ফেডারেশন এবং ফোরামের তরফ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাকে ব্যান করে দেওয়া হল রাহুলের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে।

ওই একই বৈঠকে ঠিক হয়, ইন্ডাস্ট্রিতে যে সমস্ত শিল্পী এবং পরিচালকরা এতদিন ব্যান হয়েছিলেন, তাদের সবাইকে ফিরিয়ে আনা হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব জানান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কথা দিয়েছেন ৭২ ঘণ্টার মধ্যেই ইন্ডাস্ট্রিতে ফিরবেন সমস্ত ব্যান হওয়া শিল্পীরা। ৭২ ঘন্টা সম্পূর্ণ হতে না হতেই সুখবর দিলেন স্বয়ং দেব।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন দেব যেখানে তিনি ডিরেক্টরস এসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়াকে ধন্যবাদ জানান। ৭২ ঘণ্টার মধ্যেই যে গোটা বিষয়টি বিবেচনা করে যে মামলাটি প্রত্যাহার করা হয়েছে তাতে তিনি ভীষণ খুশি।

আনন্দের সঙ্গে দেব আরও লেখেন, ‘আমি ব্যক্তিগতভাবে এই পদক্ষেপে ভীষণ খুশি। একইসঙ্গে এই ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্য হতে পেরে গর্বিত বলে মনে করছি নিজেকে। আমার দৃঢ় বিশ্বাস এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে সবথেকে প্রয়োজন শান্তিপূর্ণ সহাবস্থান, যার মাধ্যমে পারস্পরিক সম্মান বজায় রেখে সমস্যার সমাধান রাখা। আশা করি এই পদক্ষেপ আগামী দিনে সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য বিশাল বড় ভূমিকা পালন করবে। ইন্ডাস্ট্রিতে শিল্পীকে নিষিদ্ধ করার সংস্কৃতিকে দূরে রেখে সকলে মিলে ঐক্যবদ্ধ শিল্প গড়ে তোলার লক্ষ্যে আমরা এগিয়ে যাই, এটাই কাম্য।’

প্রসঙ্গত, সাংবাদিকদের সামনে ৭২ ঘন্টার কথা বলার পর সোশ্যাল মিডিয়াতেও একটি স্টোরি পোস্ট করেছিলেন দেব যেখানে তিনি লিখেছিলেন, ‘আমরা সবাই অপেক্ষা করছি দাদা।’ পোস্টে প্রসেনজিৎকে ট্যাগও করেছিলেন দেব।

উল্লেখ্য, শুধুমাত্র কিছু শিল্পী এবং পরিচালককে ব্যান করা হয়েছিল সেটা নয়, খুব সম্প্রতি ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। তবে ব্যান কালচার উঠে যাওয়ার এই পদক্ষেপে খুশি সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *