Bangladesh Election। বাংলাদেশে নির্বাচন শুরুর আগে ভোটকেন্দ্র দখলের চেষ্টায় BNP-জামাত

Spread the love

আওয়ামী লীগ জমানায় নাকি ‘রাতের ভোট’ হত বাংলাদেশে। এমনই অভিযোগ তুলে দীর্ঘ কয়েকবছর নির্বাচনী রাজনীতি থেকে দূরে থেকেছিল বিএনপি। তবে আওয়ামী লীগ বিহীন নির্বাচনে সেই বিএনপির বিরুদ্ধেই উঠেছে ‘রাতের ভোট’ করানোর অভিযোগ, তাও আবার নির্বাচন শুরুর আগেই ভোটকেন্দ্র ‘দখলের’ অভিযোগ উঠেছে। অবশ্য শুধু বিএনপি নয়, এই একই অভিযোগে অভিযুক্ত একদা বিএনপির ‘বেস্ট ফ্রেন্ড’ জামাতে ইসলামি। এই আবহে ভোটকেন্দ্রে ‘অনুপ্রবেশের’ অভিযোগে বাংলাদেশের ফেনিতে আটক বিএনপি এবং জামাতে ইসলামির ১৬ জন নেতাকর্মী। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়, কাউকে গ্রেফতার করা হয়নি।

১১ ফেব্রুয়ারি রাতে, বাংলাদেশে ভোটগ্রহণ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে ফেনির দক্ষিণ সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জোর করে ঢোকার চেষ্টা করে কয়েকজন। ঘটনাস্থল থেকে আটক করা হয় ১৬ জনকে। এই আবহে ১৩ জনকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। আর বাকি তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, এর মধ্যে ৭ জন বিএনপি কর্মী আটক হয়েছিল এবং জামাতের ৯ জন আটক হয়েছিল।

ছাগলনাইয়া উপজেলার সহকারি রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফারহানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সব আটক ব্যক্তিদের অর্থদণ্ডে দণ্ডিত করেন। এদিকে এই ঘটনার পরে ১১ ফেব্রুয়ারি রাত থেকেই ফেনির বিভিন্ন ভোটকেন্দ্রে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এলাকায় এলাকায় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর টহল বেড়েছে। নজরদারি বাড়ানো হয়েছে। নির্বাচনের দিনে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে চাইছে নিরাপত্তা বাহিনীগুলি।

উল্লেখ্য, বাংলাদেশের নির্বাচনে বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক পর্যবেক্ষক এসেছে। এই সব পর্যবেক্ষকদের মধ্যে যেমন পাকিস্তান, তুরস্কের মতো দেশের প্রতিনিধিরা রয়েছেন, তেমনই আছেন ইউরোপীয় ইউনিয়ন, ভুটান, নেপাল, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, জর্ডান, জর্জিয়া, শ্রীলঙ্কা, রাশিয়া, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, কির্গিজস্তান, উজবেকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়ার প্রতিনিধিরা। এই আবহে আন্তর্জাতিক পর্যবেক্ষদের সামনে নিজেদের মুখ পোড়াতে চাইছে না মহম্মদ ইউনুসের সরকার। এছাড়াও বাংলাদেশ নির্বাচনের খবর করতে বহু দেশের সাংবাদিকরা বর্তমানে সেখানে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *