সানি দেওল মানেই যে বক্স অফিসে বিস্ফোরণ, তার প্রমাণ মিলল আরও একবার। মুক্তির প্রথম তিন দিনেই ১০০ কোটির গণ্ডি টপকে রেকর্ড গড়েছিল ‘বর্ডার ২’। তবে অনেক বড় ছবির ভাগ্যই আটকে যায় সোমবারের কর্মব্যস্ত দিনে। কিন্তু জেপি দত্তর উত্তরসূরিরা সোমবার বক্স অফিসে যা খেল দেখাল, তাতে বাণিজ্য বিশ্লেষকদের কপালে চোখ। চতুর্থ দিনের শেষে ছবিটি এখন সটান ২০০ কোটির লক্ষ্যমাত্রার দিকে দৌড়াচ্ছে।
চতুর্থ দিনের বক্স অফিস রিপোর্ট: ট্রেড অ্যানালিস্টদের প্রাথমিক হিসেব অনুযায়ী, সোমবার প্রজাতন্ত্র দিবসের দিন ছবির আয় ছিল চারদিনের মধ্যে সর্বোচ্চ। যা প্রমাণ করল দেশপ্রেমের ছবি আজও বক্স অফিসে হিট ফর্মুলা।
এদিন ছবির আয় ছিল ৫৬ কোটি টাকা। তৃতীয় দিনের থেকেও বেড়েছে আয়। সবমিলিয়ে চার দিনে ছবির আনুমানিক আয় দাঁড়িয়েছে ১৭৭ কোটি টাকার উপরে।
কেন এই ছবি অপ্রতিরোধ্য? সাধারণত রবিবারের পর সোমবার ছবির আয় ৫০-৬০ শতাংশ কমে যায়। কিন্তু ‘বর্ডার ২’-এর ক্ষেত্রে সেই পতন লক্ষ্য করা যায়নি। যার বড় কারণ প্রজাতন্ত্র দিবস। তবে দর্শকদের ভিড় বলছে, দেশপ্রেমের এই আবেগে কেবল উইকেন্ড নয়, সারা সপ্তাহ জুড়েই হল হাউসফুল থাকবে। সানি দেওলের সঙ্গে বরুণ ধাওয়ান এবং দিলজিৎ দোসাঞ্ঝের যুগলবন্দি সব বয়সের দর্শককে হলমুখী করছে।

২০০ কোটির হাতছানি: যে গতিতে ছবিটি এগোচ্ছে, তাতে বুধবারের মধ্য়েই এই ছবি ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে বলে ধারণা করা হচ্ছে। যদি এই ধারা বজায় থাকে, তবে চলতি বছরের সবথেকে বড় ব্লকবাস্টার হওয়ার পথে সানি দেওলের এই ছবিকে আটকানো কঠিন। প্রেক্ষাগৃহের মালিকদের দাবি, ছোট শহর থেকে বড় শহর— সর্বত্রই ‘বর্ডার ২’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। ছবিটির মোট বিশ্বব্যাপী সংগ্রহের কথা বললে, এই পরিসংখ্যান আরও চমকপ্রদ। সূত্র অনুসারে, ছবিটির বিশ্বব্যাপী মোট সংগ্রহ ১৮৫ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ভারতীয় বক্স অফিসে ছবিটির মোট আয় হয়েছে ১৭৭ কোটি টাকা। সানি দেওল ফের একবার তার তারকা শক্তি দেখিয়েছেন।
ছবির গল্প ও তারকা কাস্টের কথা বলতে গেলে সানি দেওলকে একজন সেনা জওয়ানের চরিত্রে দেখানো হয়েছে, অন্যদিকে দিলজিৎ দোসাঞ্জকে ফাইটার পাইলটের চরিত্রে দেখা গেছে। আহান শেঠি নৌবাহিনীর জওয়ানের ভূমিকায় এবং বরুণ ধাওয়ানও একজন সেনা কর্মীর চরিত্রে অভিনয় করেছেন। ছবির গল্পটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি এবং আবারও দর্শকদের হৃদয় স্পর্শ করতে সক্ষম হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ সিং।
চলতি সপ্তাহে আর কোনও বড় ছবি মুক্তি না পাওয়ায় ‘বর্ডার ২’-এর সামনে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ রয়েছে। ট্রেড অ্যানালিস্টদের মতে, সোমবার প্রজাতন্ত্র দিবসে ছবির আয় রবিবারকেও ছাপিয়ে যাবে। অনেকের মতে, এই ছবির দাপটে আমির খান বা শাহরুখ খানের রেকর্ডও বিপদে পড়তে পারে। ২০২৬ সালের প্রথম ব্লকবাস্টার হিসেবে এটি ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করে নিয়েছে এই ছবি।
বর্ডার ছবিতে মূলত সেনাবাহিনীর (Army) বীরত্ব দেখেছিলাম। কিন্তু ‘বর্ডার ২’-এ এর পরিধি আরও বাড়ানো হয়েছে। ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে ভারতীয় স্থলসেনা, বিমানবাহিনী এবং নৌবাহিনী—এই তিন শক্তির যৌথ অভিযানের গল্প বলা হয়েছে। ছবিটির বড় প্রাপ্তি হলো এর কাস্টিং। সানি দেওল এখানে এক অভিজ্ঞ পথপ্রদর্শকের ভূমিকায় রয়েছেন। এছাড়া দেখা মিলছে বরুণ ধাওয়ান, আহান শেট্টি ও দিসজিৎ দোসাঞ্জের।