Darjeeling-Sundarban Global Eco Tourism: দার্জিলিঙের সঙ্গে জুড়ছে সুন্দরবন! পর্যটনে পরিকল্পনা রাজ্যের

Spread the love

আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করতে এবং স্থানীয় বাস্তুতন্ত্র রক্ষা করে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে সুন্দরবনকে ‘গ্লোবাল ইকো-ট্যুরিজম হাব’ হিসেবে গড়ে তোলার বিশদ পরিকল্পনা গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। পর্যটন মন্ত্রী শংকর ঘোষ জানিয়েছেন, দার্জিলিঙের পরে সুন্দরবনকে দ্বিতীয় গ্লোবাল ট্যুরিজম হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। কীভাবে ম্যানগ্রোভ সংরক্ষণের পাশাপাশি সুন্দরবনকে ইকো-ট্যুরিজম হাব নিয়ে গড়ে তোলা যায়, তা নিয়ে বিশদে আলোচনা করা হবে। পুরো পরিকল্পনায় যৌথভাবে কাজ করতে পারে সুন্দরবন উন্নয়ন পর্ষদ, রাজ্যের বন দফতর এবং পর্যটন দফতর।

কেন্দ্রীয় সরকারের কাছে বিশেষ অনুরোধ রাজ্যের

পর্যটন মন্ত্রী জানিয়েছেন, রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে যে দার্জিলিংকে কেন্দ্রীয় সরকারের ‘এক রাজ্য, এক ডেস্টিনেেশন’ প্রকল্পের আওতায় আনা হবে। সেই প্রকল্পের আওতায় যাতে রাজ্যের আরও একটি পর্যটনকেন্দ্রকে যুক্ত করা যায়, সেজন্য কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে আর্জি জানান।

সুন্দরবন ও মন্দারমণি নিয়ে কী বললেন পর্যটন মন্ত্রী?

যে আর্জিতে কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী। তিনি জানিয়েছেন, আপাতত দুটি জায়গা নিয়ে বিবেচনা করা হচ্ছে – মন্দারমণি এবং সুন্দরবন। সবকিছু ঠিকঠাক থাকলে গ্লোবাল ‘ইকো-ট্যুরিজম হাব’ হিসেবে বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী।

সুন্দরবনের ইকো-ট্যুরিজম প্রকল্প

বিশেষজ্ঞদের মতে, যে কোনও সফল ইকো-ট্যুরিজম প্রকল্পের মূল স্তম্ভ হল স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণ। সুন্দরবনের জলবায়ু সংকট এবং ঘনঘন ঘূর্ণিঝড়ের কারণে স্থানীয় বাসিন্দারা প্রায়শই জীবিকার সংকটে পড়েন। পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন উদ্যোগ সুন্দরবনের প্রান্তিক মানুষদের বিকল্প এবং স্থায়ী জীবিকার দিশা দেখাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।তাঁদের মতে, স্থানীয় তরুণ-তরুণীদের পেশাদার ট্যুর গাইড, ইকো-লজ পরিচালনা, স্থানীয় হস্তশিল্প বিক্রয় এবং সাংস্কৃতিক পরিবেশনার প্রশিক্ষণ দেওয়া হবে। স্থানীয় মৎস্যজীবী ও বনজীবীদের এই পর্যটন কাঠামোর সঙ্গে যুক্ত করার ফলে একদিকে যেমন জঙ্গলনির্ভর ঝুঁকি হ্রাস পাবে, তেমনই অন্যদিকে তাঁদের অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত হবে বলে আশাপ্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *