Derogatory Post against Hinduism। হিন্দু ধর্মের বিরুদ্ধে উস্কানিমূলক পোস্ট! গ্রেফতার সৌদিতে কাজ করা যুবক

Spread the love

সোশ্যাল মিডিয়ায় হিন্দু ধর্মের বিরুদ্ধে উস্কানিমূলক ও আপত্তিকর কনটেন্ট পোস্ট করায় সৌদি নিবাসী এক ভারতীয় যুবকে গ্রেফতার করা হল কেরলে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিয়োতে হিন্দু ধর্মের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছিল ২৭ বছর বয়সি আবদুল কাদের নেহাদের বিরুদ্ধে। সৌদি থেকে ভারতে ফিরতেই নেহাদকে গ্রেফতার করা হয়েছে।

ধৃত নেহাদ ম্যাঙ্গালুরুর বাসিন্দা এবং সৌদিতে কর্মসূত্রে থাকে বলে জানা গিয়েছে। ম্যাঙ্গালুরু পুলিশ কমিশনার সুধীর কুমার রেড্ডি জানান, একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হিন্দু ধর্মের বিরুদ্ধে অবমাননাকর এবং উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে পুলিশ গত ১১ অক্টোবর একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল। তদন্তে জানা যায় যে সেই পোস্টটি সৌদি আরব থেকে করা হয়েছিল এবং এর নেপথ্যে ছিল আবদুল। এরপরই পুলিশ আবদুলের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করে। রবিবার কেরলের কোঝিকোড় বিমানবন্দরে অবতরণ করার পরপরই পুলিশ আবদুলকে গ্রেফতার করে।

অপর একটি মামলায় সোশ্যাল মিডিয়ায় তলোয়ার নাচের ভিডিয়ো পোস্ট করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে কাভুর পুলিশ। গ্রেফতার হওয়া অভিযুক্তরা হল- আমির সুহেল (২৮ বছর বয়স) এবং সুরেশ (২৯ বছর বয়স)। উভয়ই ম্যাঙ্গালুরু শহরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, শনিবার সুরেশ ফেসবুকে একটি ভিডিয়ো আপলোড করেছিল, সেই ভিডিয়োতেই তাকে এবং আমির সুহেলকে তলোয়ার নাড়তে দেখা যায়। ভিডিয়োটি ভাইরাল হওয়ার সাথে সাথেই ম্যাঙ্গালুরু সিটি পুলিশের সোশ্যাল মিডিয়া মনিটরিং ইউনিট এই নিয়ে তদন্ত শুরু করে। শীঘ্রই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ তলোয়ারের পাশাপাশি ভিডিয়োটি আপলোড করতে ব্যবহৃত মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে।

সাম্প্রতিক দিনগুলিতে সমাজবিরোধীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে ম্যাঙ্গালুরু সিটি পুলিশ। বিশেষ করে আবদুল রহমান ও সুহাস শেঠির হত্যাকাণ্ডের পরে তৎপর হয়েছে পুলিশ। এর আগে মুম্বইয়ের বাসিন্দা ৫৬ বছর বয়সি ফেলিক্স এডওয়ার্ড ম্যাথিয়াসকেও সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। তদন্তে জানা যায়, ফেলিস্কও সৌদি আরবে কর্মরত ছিল। অভিযোগ করা হয়, ম্যাথিয়াস ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভগবত গীতা এবং মহিলাদের বিরুদ্ধে আপত্তিকর কনটেন্ট পোস্ট করেছিল। এরপরই পুলিশ একটি মামলা দায়ের করেছিল তার বিরুদ্ধে। জারি করা হয়েছিল একটি লুক-আউট সার্কুলারও। গত ৫ ডিসেম্বর মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সাথে সাথেই ম্যাঙ্গালুরু সিটি পুলিশ তাকে আটক করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *