সমাজমাধ্যমে একটি ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, দক্ষিণী সুপারস্টার ধনুশ এবং বলিউড সুন্দরী মৃণাল ঠাকুর সাত পাকে বাঁধা পড়ছেন। শুধু তাই নয়, ভিডিওর নেপথ্যে দাবি করা হয়— গত ২২ জানুয়ারি চেন্নাইয়ে এক অতি গোপনীয় পারিবারিক অনুষ্ঠানে তাঁরা বিয়ে সেরেছেন। আর সেই আসরে উপস্থিত ছিলেন বিজয় থালাপথি, অজিত কুমার, তৃষা কৃষ্ণন এবং দুলকর সলমানের মতো মেগাস্টাররা। কিন্তু সত্যিটা সামনে আসতেই চক্ষু চড়কগাছ ভক্তদের।
সত্যি বিয়ে সারলেন রজনীকান্তের প্রাক্তন জামাই? আসলে গোটাটাই প্রযুক্তির কারসাজি। ইনস্টাগ্রামের একটি পেজ (devaimation) থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে, ধনুশ পরেছেন ঐতিহ্যবাহী সাদা ও সোনালি পাড়ের ‘ভেট্টি’ এবং মৃণালের পরনে লাল টুকটুকে কাঞ্জিভরম। অগ্নিকুণ্ডের সামনে বসে আছেন দুজনে, আর তাঁদের পেছনে হাসিমুখে দাঁড়িয়ে টলিউড ও কলিউডের তাবড় তারকারা। ভিডিওটি এতটাই নিখুঁত ছিল যে, বহু অনুরাগী ভেবে বসেছিলেন ধনুশ হয়তো সত্যিই দ্বিতীয়বার ঘর বাঁধলেন।
আসলে এই পুরো ভিডিওটি তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে। ভিডিওর শেষে একটি ‘ডিসক্লেইমার’ বা সতর্কবার্তায় স্পষ্ট লেখা ছিল যে, এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি একটি কাল্পনিক চিত্র। বিজয় বা অজিত— কেউই সেই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন না, কারণ আদতে এমন কোনো বিয়েই হয়নি।
এর আগে রটেছিল যে, ফেব্রুয়ারি মাসে বিয়ে করতে চলেছেন মৃণাল। কিন্তু তাঁর ঘনিষ্ঠ মহল সেই দাবি নস্যাৎ করে দিয়েছে। সূত্রের খবর, ফেব্রুয়ারিতে মৃণালের ‘দো দিওয়ানে শহর মে’ (সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে) এবং মার্চ মাসে একটি বড় তেলেগু ছবি মুক্তির অপেক্ষায়। কোনও অভিনেত্রী তাঁর বড় রিলিজের মুখে কেনই বা বিয়ে করে প্রচারে ব্যাঘাত ঘটাবেন, সেই প্রশ্নই তুলেছেন তাঁর ঘনিষ্ঠরা।

যদিও ভিডিওটি নকল, তবুও ধনুশ-মৃণালকে একসঙ্গে দেখে খুশি নেটিজেনদের একাংশ। জনৈক ভক্ত লিখেছেন, ‘ভিডিওটা ফেক জানি, কিন্তু বিজয় আর অজিতকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে মনে হচ্ছে যেন সত্যিই হচ্ছে!’ প্রযুক্তির এই যুগে পর্দার রোম্যান্স আর বাস্তবের বিভেদ যে কতটা ফিকে হয়ে আসছে, এই ভিডিওটিই তার প্রমাণ।
২০০৪ সালে ধনুশ এবং ঐশ্বর্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁদের দুই পুত্র সন্তানও রয়েছে। কিন্তু ২০২২ সালের জানুয়ারিতে তাঁদের বিচ্ছেদের ঘোষণা ভক্তদের স্তম্ভিত করে দেয়। ডিভোর্স নিয়ে আপত্তি তুলেছিলেন থালাইভা রজনীকান্ত, তাঁর চেষ্টাতেও মেয়ের সংসার টেকেনি। গত বছর থেকে ধনুশ ও ম্রুনালের প্রেম সম্পর্কের চর্চা দাবাানলের মতো ছড়িয়ে পড়েছে। এই জল্পনায় তবে অফিসিয়্যাল সিলমোহর দেবেন জুটি এখন সেটাই দেখবার।