বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় ও পরিচিত মুখ পায়েল দে (Paayel De)। নিজের অভিনয় দক্ষতার গুণে বিগত বেশ কয়েক বছর ধরে ছোটপর্দায় দর্শকদের ড্রয়িংরুমে রাজত্ব করছেন তিনি। বিয়ের পর পায়েল অভিযোগ করেছিলেন কাজ পাচ্ছেন না তিনি। ‘এই পথ যদি না শেষ হয়’-এর মুমু দি-র অভিযোগ ছিল ওজন বাড়ার জেরেই হয়ত কাজ মিলছে না। অবশেষে জি বাংলার সদ্য শুরু হওয়া ‘দুলারি’-তে প্রবেশ করলেন পায়েল।
ধারাবাহিকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষনীয় চরিত্রে দেখা যাবে তাঁকে। পায়েল আগেই জানিয়েছিলেন, প্রয়োজনে তিনি মাসি,বৌদি,পিসি বা দিদির চরিত্র করতেও রাজি। এবার সেইরকমই এক চরিত্রে তাঁকে কাস্ট করলেন স্বর্ণেন্দু সামাদ্দার।
ঋদ্ধর বৌদি ‘আরতি’ হয়ে পায়েল-ম্যাজিক
‘দুলারিতে’ ধারাবাহিকে পায়েল দে-র চরিত্রটি বেশ নজরকাড়া। তাঁকে দেখা যাচ্ছে গল্পের মূল নায়ক ঋদ্ধর বৌদির ভূমিকায়। এই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম রাখা হয়েছে ‘আরতি’। গল্পের গতিপ্রকৃতি এবং প্রাথমিক আভাস অনুযায়ী, আরতি চরিত্রটি সম্ভবত একটি ইতিবাচক চরিত্র হতে চলেছে, যা নায়কের পরিবারকে আগলে রাখতে সাহায্য করবে। পায়েলের এই মিষ্টি ও ইতিবাচক রূপ দেখতে দর্শক বরাবরই পছন্দ করছেন।
পায়েলের অভিযোগ
কিছুদিন আগে আজকালকে দেওয়া এক সাক্ষাৎকারে পায়েল বলেছিলেন, ‘ওজন বেড়ে গেলে যদি বয়স বেশি লাগে তাহলে সেই ধরনের চরিত্র করতেও আমি রাজি। মাসি,বৌদি,পিসি বা দিদির চরিত্র করতে আমার আপত্তি নেই। কিন্তু সেই সব চরিত্রও আমি পাইনা। এর কারণ সত্যিই আমার কাছে অজানা। মাঝে মাঝে মনে হয় আমি কি সত্যিই তবে অভিনয় করতে পারিনা?’ এরপরই ওহ মোর দরদিয়ায় সুযোগ পেয়েছিলেন পায়েল। এবার দুলারি।
ব্যাক-টু-ব্যাক কাজ: ‘জুলি’ থেকে ‘আরতি’
অভিনেত্রী হিসেবে পায়েল দে-র ব্যস্ততা এই মুহূর্তে তুঙ্গে। কিছুদিন আগেই অন্য এক জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’-তে ওঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। সেখানে তিনি ‘জুলি’ নামের একটি খল-চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন। জুলি চরিত্রের সেই নেতিবাচক বা গ্রে-শেড থেকে বেরিয়ে এবার ‘দুলারি’-তে আরতির মতো স্নিগ্ধ বৌদির চরিত্রে পায়েলের এই ভোলবদল প্রমাণ করে দেয় অভিনেত্রী হিসেবে তিনি কতটা সাবলীল।

ছোটপর্দায় পায়েলের কেরিয়ার গ্রাফ
বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে পায়েল দে অন্যতম এক ধারাবাহিক সফল শিল্পী। এর আগেও বহু সুপারহিট মেগা সিরিয়ালে প্রধান এবং গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করে তিনি ঘরে ঘরে পরিচিতি পেয়েছেন। পায়েলের অভিনয় জীবনের কিছু উল্লেখযোগ্য ধারাবাহিক হলো-কে প্রথম কাছে এসেছি, আমাদের এই পথ যদি না শেষ হয়, কে আপন কে পর এবং রাঙা বউ।
খলচরিত্র হোক বা আদর্শ বাড়ির বউ-বৌদি— সব ধরণের চরিত্রেই পায়েল দে বরাবরই সফল। এবার ‘দুলারি’ ধারাবাহিকের আরতি চরিত্রটি গল্পের মোড় কোন দিকে ঘোরায়, সেটাই দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।