Baruipur Case Accused Mother: বারুইপুর-কাণ্ডে ছেলের কঠোরতম শাস্তি চাইলেন ধৃত প্রভাস মণ্ডলের মা। ১১ বছরের নাবালিকার ধর্ষণ এবং খুনের ঘটনায় যত রাজ্য উত্তাল হয়ে উঠেছে এবং অপরাধীদের ফাঁসির শাস্তির উঠছে, সেই আবহে অন্যতম অভিযুক্ত প্রভাসের মা বলছেন, ‘ফাঁসিতে ঝুলিয়ে দিন বা কেটে ফেলুন। ওকে সেই শাস্তি দেওয়া হোক, যেটা ওর প্রাপ্য। ওর মা হিসেবে আমি এটা বলছি। আমি নিজেই ওকে পুলিশের হাতে তুলে দিতাম।’ সেইসঙ্গে তিনি দাবি করেন, ছেলে মদের নেশায় বুঁদ হয়ে থাকত। মদ খেয়ে ঝামেলায় জড়িয়ে পড়ার জন্য অতীতে গ্রেফতারও হয়েছিল। মায়ের কথায়, ‘ও যখন মদ খেত, তখন ওর নিজের উপরে কোনওরকম নিয়ন্ত্রণ থাকত না।’
বারুইপুরে আসেন মুখ্যমন্ত্রী
তারইমধ্যে মঙ্গলবার বারুইপুরে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখা করেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। তিনি আগেই জানিয়েছিলেন যে দোষীদের মৃত্যুদণ্ড যাতে হয়, তা নিশ্চিত করতে কোনও কসুর ছাড়বে না রাজ্য সরকার। মঙ্গলবারও সেই বিষয়টির উপরে জোর দিয়ে শুভেন্দু জানিয়েছেন, ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অপর একজনের খোঁজ চলছে। যেভাবে তদন্ত চলছে, তাতে তাঁর সরকারের উপরে নির্যাতিতার পরিবার আস্থা রেখেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
গাফিলতি থাকলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা, সাফ বার্তা শুভেন্দুর
সেইসঙ্গে প্রাথমিকভাবে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। সেই বিষয় নিয়েও পদক্ষেপ করা হবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘আমি ডিজিপিকে (রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা) ৭২ ঘণ্টা দিয়েছি। আমি যা যা তথ্য় চেয়েছি, সেটার ভিত্তিতে প্রশাসনিক নিয়মকানুন মেনে উনি আমায় একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে প্রশাসনিক দিক থেকে আমাদের যে অ্যাকশন নেওয়ার, (সেটা আমরা নেব)। ওই সময়ের মধ্যে আমাদের লোকের যদি কোনও শিথিলতা থাকে, সেটা যদি এক পার্সেন্টও হয়, তাহলেও খুব কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অশান্তি পাকানো, গণপিটুনিতে যুক্তদের বিরুদ্ধেও হবে ব্যবস্থা
পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রবিবার সকালে অভিযুক্ত সন্দেহে যে ব্যক্তিকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে, তিনি নির্দোষ বলে জানিয়েছে পুলিশ। তাঁর পরিবারের সঙ্গেও দেখা করে বিচার প্রদানের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, রবিবার সকালে বিক্ষোভের সময় যাঁরা অশান্তি পাকিয়েছেন, যাঁরা পুলিশের উপরে হামলা চালিয়েছেন, যাঁরা গণপিটুনিতে যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। যাঁরা উস্কানি দিয়েছেন, তাঁদেরও রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।