Egg in Kolkata Schools Mid Day Meal। ডিম বাদ পড়ছে না পড়ুয়াদের পাত থেকে! তবে কলকাতার স্কুলে মিড ডে মিল দেবে ইসকনই

Spread the love

Egg in Kolkata Schools Mid Day Meal: কলকাতার স্কুলের মিড ডে মিলে ডিম দেবে না ইসকন। তবে পড়ুয়াদের পাত থেকে যাতে ডিম বাদ না পড়ে, সেজন্য বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। বুধবার নবান্নে সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ ও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ৮০,৩৭৫টি সরকারি এবং সরকারি-সহায়তাপ্রাপ্ত স্কুলে কম্পোজিট স্কুল গ্রান্ট প্রদানের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আগামী ১ অগস্ট থেকে কলকাতার সরকারি ও সরকার-পোষিত স্কুলে মিড ডে মিল হিসেবে ইসকন সাত্ত্বিক এবং প্রোটিনযুক্ত খাবার প্রদান করবে। সেইসঙ্গে পড়ুয়াদের পুষ্টির দিকটি মাথায় রাখতে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ডিম দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ডিম বাদ পড়ছে? হয়েছিল তুমুল বিতর্ক

আসলে এবার রাজ্য বাজেট পেশের সময় ঘোষণা করা হয়েছিল যে পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার সরকারি ও সরকার-পোষিত স্কুলে মিড ডে মিল প্রদানের দায়িত্ব তুলে দেওয়া হবে ইসকনের হাতে। আর তারপরই একটি অংশের আক্রমণের মুখে পড়েছিল রাজ্য সরকার। শুরু হয়েছিল বিতর্ক। প্রশ্ন উঠেছিল যে তাহলে কি ডিম বন্ধ হয়ে যাচ্ছে? কারণ ইসকন তো সাত্ত্বিক বা নিরামিষ খাবার দেবে।

মিড ডে মিলের দায়িত্ব ইসকনই, ঘোষণা মুখ্যমন্ত্রীর

যদিও সেই পাইলট প্রজেক্ট শুরু হওয়ার ঠিক আগেই মুখ্যমন্ত্রী সেই যাবতীয় জল্পনা উড়িয়ে দিলেন। তাঁর কথায়, ‘পয়লা অগস্ট থেকে পাইলট প্রজেক্ট (পরীক্ষামূলকভাবে) হিসেবে কলকাতার একটি বড় অংশে ইসকনের দ্বারা মিড ডে মিল বিতরণ হবে। ইসকন সাত্ত্বিক, শুদ্ধ, প্রোটিনযুক্ত খাবার পরিবেশন করবে।’

আলাদা করে মিড ডে মিলে ডিম থাকছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সেইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘তার বাইরেও আমরা SHG-র (স্বনির্ভর গোষ্ঠীর) মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদাভাবে আমরা দেওয়ার ব্যবস্থা করছি, যাতে আমাদের এখানকার ছাত্রছাত্রী বা আগামিদিনের ভবিষ্যৎকে প্রোটিনযুক্ত সম্পূর্ণ আহার দিতে পারি।’

মিড ডে মিলে আমূল পরিবর্তন

তারইমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের প্রতিটি প্রান্তের স্কুলে মিড ডে মিল ব্যবস্থা আমূল পালটে ফেলা হচ্ছে। দূর করা হচ্ছে বৈষম্য। প্রাথমিক এবং হাইস্কুলের ক্ষেত্রে মাথাপিছু বরাদ্দ বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। যা ১ অগস্ট থেকেই কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *