Indian Origin US Company CEO। অনলাইনে ভারত বিদ্বেষের আঁচে ছ্যাঁকা খেলেন মার্কিন সংস্থার ভারতীয় বংশোদ্ভূত CEO

Spread the love

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফার প্রেসিডেন্সিতে শুরু থেকেই ‘ভারত বিরোধী’ নীতি লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে ভিসার ক্ষেত্রে। এইচ১বি ভিসার ক্ষেত্রে বর্তমানে আবেদনকারীদের ফি বাড়িয়ে ১ লাখ ডলার করা হয়েছে। এই পরিস্থিতিতে শুধুমাত্র উচ্চ বেতনের কর্মীদেরই আমেরিকায় যাওয়ার সুযোগ থাকছে। অন্যান্য দক্ষ কর্মীদের ভিসার যোগ্যতা কমে যাচ্ছে। এর মাঝেও অবশ্য ভারতীয় কর্মীদের নেওয়া বন্ধ করেনি বহু মার্কিন সংস্থা। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় বহু মার্কিন কোম্পানির বিরুদ্ধে পোস্ট করছেন সেই দেশের নাগরিকরা। ভারত বিদ্বেষের আঁচে ছ্যাঁকা খাচ্ছে তাদের ভাবমূর্তি। এর মধ্যে ফেডএক্সের ভারতীয় বংশোদ্ভূত সিইও-র বিরুদ্ধে সাম্প্রতিককালে বহু বিদ্বেষমূলক পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

রিপোর্ট অনুযায়ী, ফেডএক্স, ওয়ালমার্ট, ভেরিজোনের বিরুদ্ধে বহু মার্কিনি অনলাইনে অভিযোগ করেছে, এই সংস্থাগুলি নাকি বেআইনিভাবে ভারতীয় কর্মীদের ‘চাকরি বিক্রি’ করছে। আমেরিকায় ভারতীয়দের ‘চাকরি চোর’ এবং ‘ভিসা জালিয়াত’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে একটা শ্রেণি। রিপোর্টে বলা হয়েছে অ্যাডভোকেসি গ্রুপ ‘স্টপ এএপিআই হেট’ এবং ‘মুনশুট’ নামক সন্ত্রাসবিরোধী সংস্থার সমীক্ষায় দেখা গিয়েছে, ২০২৫ সালের নভেম্বর থেকে দক্ষিণ এশিয়ানদের প্রতি হিংসার হুমকি বেড়েছে ১২ শতাংশ। এদিকে এই সময়কালে দক্ষিণ এশিয়ানদের বিরুদ্ধে অনলাইনে বিদ্বেষমূলক পোস্টের হার লাফিয়ে বেড়েছে ৬৯ শতাংশ।

এদিকে সম্প্রতি ফেডএক্সের একটি দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানেই ফেডএক্সের ভারতীয় বংশোদ্ভূত সিইও রাজ সুব্রহ্মণ্যমের বিরুদ্ধে বিদ্বেষমূলক পোস্ট করে বহু আমেরিকান। এর মধ্যে একজন লিখেছিলেন, ‘এই @#$%& ভারতীয়রা যেন মহান মার্কিন সংস্থাগুলি টেকওভার না করে।’ ডানপন্থী ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টোরবা অভিযোগ করেন, রাজ নাকি মার্কিনিদের চাকরি থেকে বের করে দিয়ে ভারতীয়দের চাকরি দিচ্ছেন। যদিও এই সব অভিযোগ অস্বীকার করেছে ফেডএক্স। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অন্যান্য মার্কিন সংস্থাগুলিও এই ভারত বিদ্বেষের শিকার হয়েছে। তাদের বিরুদ্ধেও এই একই অভিযোগ। তারা নাকি মার্কিনিদের বদলে ভারতীয় চাকরি দিচ্ছে।

এদিকে সম্প্রতি আমেরিকার তরফ থেকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়, বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য তারা অভিবাসী ভিসা ইস্যু করা স্থগিত রাখছে। সেই দেশগুলির তালিকাতেই স্থান পেল বাংলাদেশ এবং পাকিস্তান। এদিকে অভিবাসী ভিসা স্থগিত হওয়া দেশগুলির তালিকায় বাংলাদেশ, পাকিস্তান ছাড়াও দক্ষিণ এশিয়ার আফগানিস্তান, ভুটান এবং নেপাল ছিল। তবে ভারত এবং শ্রীলঙ্কার নাগরিকদের এখনও অভিবাসী ভিসা ইস্যু জারি রাখবে আমেরিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *