India’s first indigenous bullet train। ২৮০ কিমিতে ছুটবে ভারতের নিজস্ব প্রথম বুলেট ট্রেন

Spread the love

ঘণ্টায় ২৮০ কিলোমিটার বেগে ছুটবে – ভারতের প্রথম নিজস্ব বুলেট ট্রেন ‘বি২৮’ তৈরি করা হবে বেঙ্গালুরুতে। শনিবার বিইএমএল লিমিটেডের (পূর্বতন ভারত আর্থ মুভার্স লিমিটেড) যে আদিত্য প্ল্যান্টের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, সেখানেই ভারতের প্রথম নিজস্ব বুলেট ট্রেন তৈরি করা হবে। সূত্রের খবর, ইতিমধ্যে সেই ট্রেন তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। ২০২৭ সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যেই প্রথম প্রোটোটাইপ তৈরি করে ফেলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তারপর পরীক্ষা-নিরীক্ষা চলবে। সেই পরীক্ষা-নিরীক্ষার ফলাফলের উপরে ভিত্তি করে ভারতের প্রথম নিজস্ব বুলেট ট্রেনের পরিষেবা চালু করা হবে।

২৫০ কিমি বেগে ছুটতে দেওয়া হবে

আপাতত যা খবর, তাতে ঘণ্টায় ২৮০ কিমি বেগে ছুটতে সক্ষম হবে ভারতের প্রথম নিজস্ব বুলেট ট্রেন ‘বি২৮’। তবে বাণিজ্যিক পরিষেবার সময় সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৫০ কিমির মধ্যে রাখা হবে। রেলমন্ত্রী বলেছেন, ‘নবনির্মিত আদিত্য কমপ্লেক্সটি বর্তমানে বি-২৮ কোচ তৈরির জন্য নকশা করা হয়েছে।’

বাজেটে ৭টি হাইস্পিড রেল করিডরের অনুমোদন

এমনিতে এবার কেন্দ্রীয় বাজেটে দেশে সাতটি হাইস্পিড রেল করিডর তৈরির ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ভবিষ্যতের দিকে তাকিয়ে সাতটি হাইস্পিড রেল করিডর তৈরি করার প্রস্তাব দেওয়া হচ্ছে। মুম্বই-পুণে, পুণে-হায়দরাবাদ, হায়দরাবাদ-বেঙ্গালুরু, হায়দরাবাদ-চেন্নাই, চেন্নাই-বেঙ্গালুরু, দিল্লি-বারাণসী এবং বারাণসী-শিলিগুড়ির মধ্যে সেই সাতটি হাইস্পিড রেল করিডর তৈরি করা হবে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী।দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন চালুর তোড়জোড়

তারইমধ্যে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করার তোড়জোড় চালাচ্ছে ভারতীয় রেল। বেঙ্গালুরু এবং মুম্বইয়ের মধ্যে যাতায়াতের সময় কমিয়ে আনতে এবং বিশ্বমানের সুযোগ-সুবিধা প্রদান করতে এই রুটেই প্রথম সারির স্লিপার ট্রেন চালুর পরিকল্পনা করা হয়েছে। চলতি মাসের গোড়ার দিকেই বেঙ্গালুরু সেন্ট্রালের সাংসদ পিসি মোহন জানিয়েছেন, কেএসআর বেঙ্গালুরু থেকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস পর্যন্ত বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করার অনুমতি মিলেছে।

এমনিতে বেঙ্গালুরু এবং মুম্বই ভারতের দুটি প্রধান অর্থনৈতিক কেন্দ্র। আইটি প্রফেশনাল থেকে শুরু করে ব্যবসায়ী- হাজার-হাজার মানুষ প্রতিদিন এই দুই শহরের মধ্যে যাতায়াত করেন। বর্তমানে এই পথে অনেক ট্রেন থাকলেও, প্রিমিয়াম এবং দ্রুতগতির ট্রেনের চাহিদা সবসময়ই তুঙ্গে ছিল। বন্দে ভারত স্লিপার চালু হলে তা কেবল যাতায়াত সহজ করবে না, বরং পর্যটন এবং ব্যবসার ক্ষেত্রেও নতুন গতির সঞ্চার করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *