IPL Auction Latest Update। আইপিএল নিলাম শুরুর কয়েক ঘণ্টা আগে বাংলার ক্রিকেটারকে নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

Spread the love

আইপিএল নিলাম শুরুর আগেই বাংলার ক্রিকেটারকে নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের। অবশ্য শধু বাংলার ক্রিকেটার নন, মোট ১৯ জন ক্রিকেটার নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। রিপোর্ট অনুযায়ী, নিলামের ২৪ ঘণ্টা আগে মোট ১৯ জন ক্রিকেটারকে যোগ করা হয় নিলামের পুলে। এই আবহে আবুধাবিতে অনুষ্ঠিত মিনি নিলামে মোট ৩৬৯ জন ক্রিকেটারের নাম ডাকা হবে। ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবি, এভাবে নিলামের একদিন আগে এত সংখ্যক নতুন ক্রিকেটারকে পুলে আগে কখনও যোগ করা হয়নি। উল্লেখ্য, মিনি নিলামে ১৩৫৫ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন। পরে সেখান থেকে ৩৫০ জন ক্রিকেটারকে শর্টলিস্ট করা হয়েছিল। সেই তালিকাতেই এবার ১৯ জন ক্রিকেটারকে যুক্ত করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, নিলামের পুলে যুক্ত হওয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম হল বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের। তার বেস প্রাইস ৩০ লাখ টাকা। অভিমন্যু ভারতের জাতীয় দলের দোরগোড়ায় দাঁড়িয়ে থেকেও এখনও অভিষেক ঘটাতে পারেননি। আজকের নিলামের স্পেডশিটে অভিমন্যুর নাম রয়েছে ৩৬০ নম্বরে। এদিকে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কাইল ভারাইনার নামও যুক্ত হয়েছে নিমাল তালিকায়। তাঁর বেস প্রাইস ১.২৫ কোটি টাকা। আরেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ইথান বশের নামও যোগ হয়েছে তালিকায়, তাঁর বেস প্রাইস ৭৫ লাখ।

এদিকে জিম্বাবোয়ের ফাস্ট বোলার ব্লেসিং মুজারবানির নামও যোগ হয়েছে নিলামের তালিকায়, তাঁর বেস প্রাইস ৭৫ লাখ টাকা। নিউজিল্যান্ডের ফাস্ট বোলার বেন সিয়ারসের নামও যুক্ত হয়েছে নতুন করে। তাঁর বেস প্রাইস আবার ১.৫ কোটি টাকা। নতুন করে যুক্ত হওয়া ক্রিকেটারদের মধ্যে বেন সিয়ারসের বেস প্রাইস সবচেয়ে বেশি। এদিকে অজি অলরাউন্ডার ক্রিস গ্রিনের নামও যোগ হয়েছে তালিকায়, তাঁর বেস প্রাইস ৭৫ লাখ টাকা। এছাড়া অ্যাসোসিয়েট দেশ মালয়েশিয়ার বীরেণদীপ সিংয়ের নাম যুক্ত হয়েছে তালিকায়। তাঁর বেস প্রাইস ৩০ লাখ টাকা।

এছাড়া ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে ত্রিপুরার মণিশঙ্কর মুরাসিং, উত্তরপ্রদেশের সাত্বিক চিকারা, হায়দরাবাদের চামা মিলিন্দ, কর্ণাটকের কেএল শ্রীজিৎ, ছত্তিশগড়ের রাহুল রাজ নমলা, ঝাড়খণ্ডের বিরাট সিং, মধ্যপ্রদেশের ত্রিপুরেশ সিং, ওড়িশার রাজেশ মোহান্তি, ওড়িশার স্বাস্তিক সমল, মধ্যপ্রদেশের সরংশ জৈন, অন্ধ্রের সূরজ সঙ্গরাজু, হায়দরাবাদের তন্ময় আগরওয়ালের নামও শেষ মুহূর্তে যুক্ত হয়েছে নিলাম তালিকায়। তাঁদের সকলেরই বেস প্রাইস ৩০ লাখ টাকা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *