Mausam’s Sister in Politics। মৌসমের দিদিকে বিধানসভায় ভোটে টিকিট দিতে চায় কংগ্রেস

Spread the love

সম্প্রতি তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে গিয়েছেন মৌসম নূর। সেই সময় দিল্লিতেই ছিলেন মৌসমের দিদি সৈয়দা সালেহা নূরে ওরফে লিজু। রিপোর্ট অনুযায়ী, এই লিজুকে বিধানসভা ভোটে নাকি কংগ্রেস টিকিট দিতে চাইছে সুজাপুর আসন থেকে। লিজু আবার মৌসমের দিদি হওয়ার পাশাপাশি কংগ্রেস সাংসদ ইশা খানের স্ত্রী। তবে লিজু বর্তমানে ভারতের নাগরিক নন। তাঁর নাগরিকত্বের আবেদন জানানো হয়েছে দিল্লিতে। মৌসমের সঙ্গে দিল্লিতে যখন তিনি ছিলেন, তখন সেই সব কাজ করা হচ্ছিল বলে দাবি করা হল রিপোর্টে।

এদিকে লিজুকে যদি সুজাপুরে টিকিট দেওয়া হয়, তাহলে মৌসমকে রতুয়া থেকে টিকিট দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। মৌসম যে বিধানসভা নির্বাচনে লড়বেন, তা নিশ্চিত। তবে তাঁর আসন নিয়ে ধন্দ রয়েছে। এই নিয়ে ইশা বলেন, ‘জেলার একাধিক এলাকা থেকেই দলীয় কর্মীরা মৌসমকে তাঁদের বিধানসভা আসনে চাইছেন। সেটা নিয়ে খুব শীঘ্রই আমরা জেলা কমিটির বৈঠকে বসব। যা সিদ্ধান্ত নেওয়া হবে, সেটা দিল্লিতে পাঠিয়ে দেব।’

এদিকে স্ত্রীর নাগরিকত্ব প্রসঙ্গে ইশা বলেন, ‘লিজুর নাগরিকত্বের আবেদন সংক্রান্ত ফাইলপত্র তৈরির কাজ সেরে ফেলা হয়েছে। এখন লিজুর সিদ্ধান্তের উপর বিষয়টি নির্ভর করছে। লিজু চাইলেই রাজনীতিতে যোগ দিতে পারেন। এতে আমার কোনও আপত্তি নেই।’ প্রসঙ্গত, প্রয়াত বরকত গনি খান চৌধুরির কোতোয়ালির বাড়ির বহু সদস্যই রাজনীতিতে যোগ দিয়েছেন। এর আগেগনির বোন রুবি নূর সুজাপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। সেই রুবির মেয়ে মৌসম। কংগ্রেসের হাত ধরেই তিনি রাজনীতিতে প্রবেশ করেছিলেন। পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তবে এবার বিধানসভা ভোটের আগে তাঁর ঘর ওয়াপসি হয়েছে। এদিকে ইশার সঙ্গে বিয়ের পর থেকে এই কোতোয়ালির বাড়িতেই থাকেন লিজু। এখন তিনিও রাজনীতিতে যোগ দিতে চলেছেন বলে গুঞ্জন প্রবল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *