কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ভারতীয় শিল্পগুলির প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। ভারতীয় শিল্পগুলির মনোভাবের সমালোচনা করেন তিনি। তাদের জাতীয়তাবোধ নিয়ে তুলেছেন প্রশ্ন। জাপান এবং কোরিয়ার উদাহরণ টেনে গোয়েল বলেন, ‘জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলিতে জাতীয়তাবাদী চেতনা রয়েছে। তাদের সাথে আমাদের এফটিএ আছে কিন্তু তাদের কোম্পানিগুলি কেবল দেশীয় সরবরাহকারীদের কাছ থেকে পণ্য কেনে। আমি ভারতেও একই জিনিসের জন্য অনুরোধ করছি। কিন্তু কোনও ফল পাচ্ছি না।’ গোয়েল বলেছিলেন যে ভারতীয় শিল্পের এই মনোভাব হতাশাজনক এবং এটি দেশকে দুর্বল অবস্থানে ফেলেছে।
সাম্প্রতিক এক অনুষ্ঠানে গোয়েল আরও বলেন, ‘যখনই আমরা কোনও বিদেশি পণ্যকে কোটা দিই, তখন আপনারা সবাই হৈচৈ করেন। আমি খুবই হতাশ। এটি আপনার ভাবমূর্তি খুব খারাপ করে তোলে। আপনি বিদেশের বাজার খুলতে চান, কিন্তু আপনি ভারতীয় বাজার খুলতে চান না। এভাবে কাজ সম্ভব না।’ গোয়েলের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন ভারত বেশ কয়েকটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা করছে ভারত। সরকার বিশ্বাস করে যে বিশ্ব বাণিজ্যে ভারতের অবস্থানকে শক্তিশালী করার জন্য উন্মুক্ত বাজার নীতি গ্রহণ করা প্রয়োজন। এরই মধ্যে অনেক ভারতীয় শিল্প, বিশেষত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই), বিদেশি পণ্য আমদানির উপর ছাড়ের বিরোধিতা করেছে, কারণ তারা বিশ্বাস করে যে এটি ঘরোয়া শিল্পকে ক্ষতিগ্রস্থ করতে পারে।

এরই মাঝে পীযূষ গোয়েল বলেন, ভারত অনেক উন্নত দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করেছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ওমান, চিলি, পেরু, নিউজিল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি জন্য আলোচনা চালাচ্ছে ভারত। এছাড়া ভারত গত কয়েক বছরে অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করেছে। এ ছাড়া ব্রিটেনের সঙ্গেও একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্রাজিলের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির পরিসর বৃদ্ধি করার জন্য আলোচনা চলছে যাতে লাতিন আমেরিকায় ভারতীয় পণ্যের অংশীদারিত্ব বাড়ানো সম্ভব হয়।