কাজ করতে করতে মৃত্যুবরণ করা যে কোনও শিল্পীর কাছেই গর্বের বিষয়, কিন্তু রাহুলের মৃত্যুর পেছনে যে ধোঁয়াশা থেকে গিয়েছে, তাতে রাহুলের মৃত্যুকে ‘সাধারন মৃত্যু’ বলে একেবারেই মেনে নিতে পারছেন না কেউ। অন্যদিকে রাহুলের মৃত্যুর শোকের মধ্যেই এবার মুক্তি পেতে চলেছে রাহুলের সিনেমা ‘ছবিওয়ালা’।
যদিও সিনেমার নাম প্রথমে রাখা হয়েছিল ‘নেগেটিভ’। কিন্তু রাহুলের মৃত্যুর পর সেই নাম পাল্টে ‘ছবিওয়ালা’ রাখা হয়। রাহুলের আকস্মিক মৃত্যুর পর এবার প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানানোর জন্য একটি বিশেষ পদক্ষেপ নিতে চলেছেন নির্মাতারা।
নির্বাচনে চাইছেন, সিনেমাটি পুরোপুরি বিনামূল্যে দেখানো হোক। দর্শকদের কাছে ছবিটি যাতে পৌঁছে যায়, তার জন্যই এই পদক্ষেপ নিতে চাইছেন নির্মাতারা। সেই পরিপ্রেক্ষিতেই সমস্ত প্রেক্ষাগৃহের মালিকদের সাহায্য চাইছেন প্রযোজকরা। প্রযোজকদের মতে, সিনেমা হল মালিকরা যদি রাজি হন তাহলে এইভাবে রাহুলকে শ্রদ্ধা জানানো যাবে।
ছবিওয়ালা প্রসঙ্গে
এই সিনেমায় রাহুল বিশ্বকর্মা নামের এক চিত্রগ্রাহকের চরিত্রে অভিনয় করছেন। বিশ্বকর্মা খুব ভালো ছবি তুললেও সেটা কেউ মেনে নিতে চায় না। ভালো কাজ পায় না বিশ্বকর্মা। বিশ্বকর্মা তাই মৃত মানুষের ছবি তুলে বেড়ায়। অর্থকষ্ট সত্ত্বেও স্ত্রীকে নিয়ে সুখে থাকার চেষ্টা করে বিশ্বকর্মা।
সিনেমায় বিশ্বকর্মার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত। সিনেমায় অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র এবং রানা বসু ঠাকুর। এই সিনেমায় শ্রীলেখা মিত্রকে একটি আইটেম গানে দেখতে পাওয়া যাবে। সিনেমায় একটি গুরুত্বপূর্ণ ভুমিকায় অভিনয় করেছেন রিমি দেব, যিনি প্রযোজনা সংস্থার সঙ্গেও যুক্ত।

সিনেমায় গান গেয়েছেন রূপম ইসলাম, জোজো মুখোপাধ্যায় এবং সোমলতা আচার্য।ছবির গল্প লিখেছেন শান্তনু নাথ। তিনি এই সিনেমায় অভিনয়ও করেছেন। সিনেমাটি মে মাসে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন পরিচালক। আপাতত হল মালিকদের সঙ্গে সিনেমা মুক্তির ব্যাপারে দফায় দফায় কথা বলছেন বাপ্পা।
প্রসঙ্গত, সিনেমার পরিচালক শুভ্রজ্যোতি ওরফে বাপ্পা এই সিনেমাটি কোনও ব্যবসায়িক লাভের কথা মাথায় রেখে মুক্তি দিতে চান না। রাহুলের মৃত্যুর পর তাঁর অভিনীত সিনেমা বিনামূল্যে সকলের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমেই রাহুলকে শ্রদ্ধা জানাতে চান পরিচালক।