Rahul Arunoday Banerjee। রাহুলের মৃত্যুতে ৫ অভিযুক্তকে সমন! তদন্তের স্বার্থে কি এবার কলকাতায় আসবে ওড়িশা পুলিশ?

Spread the love

Rahul Arunoday Banerjee Death Investigation: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু একেবারেই স্বাভাবিক নয়, এই মর্মে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার কলকাতা এবং ওড়িশা পুলিশের কাছে এফআইআর দায়ের করেন লীনা গঙ্গোপাধ্যায় সহ পাঁচজনের বিরুদ্ধে, যার ভিত্তিতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তদন্ত। এবার জানা গেল, তদন্তের স্বার্থে নাকি কলকাতায় আসতে পারে ওড়িশা পুলিশের একটি দল।

রাহুলের মৃত্যুর পেছনে একটি বড় ষড়যন্ত্র রয়েছে, এই অভিযোগ তুলে গত ৫ এপ্রিল ওড়িশার তালসারির মেরিন থানায় অভিযোগ দায়ের করেছিলেন প্রিয়াঙ্কা। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই অভিযুক্ত পাঁচজনকে সমন পাঠানো হয়েছে তালসারি মেরিন থানার পুলিশের তরফ থেকে।

সমন পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে যদি অভিযুক্তরা থানায় হাজিরা না দেন, সে ক্ষেত্রে ওড়িশা পুলিশ কলকাতায় আসতে পারে বলে জানা গিয়েছে। যদিও কলকাতায় আসার প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে ফেলেছে ওড়িশা থানার পুলিশের একটি দল।

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল প্রিয়াঙ্কাকে নিয়ে কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, সৌরভ দাস, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রাশিস রায়। প্রিয়াঙ্কার অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয় ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং লীনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে।

অভিযোগ দায়ের করা হয় ধারাবাহিকের সহ পরিচালক শুভাশিস মন্ডল, এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী, ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ১০৬ (১), ২৪০ এবং ৩ (৫) ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য ওড়িশা পুলিশ সমন পাঠিয়েছে ৫ জনকে, তবে সঠিক সময়ের মধ্যে উপস্থিত না থাকলে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ৭ এপ্রিল আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশনের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়, লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে ব্যান করা হল আপাতত। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের তদন্ত যতদিন চলবে এবং যতদিন না কোর্টের তরফ থেকে ইতিবাচক ফলাফল আসবে ততদিন এই সিদ্ধান্তেই অনড় থাকবেন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *