বাংলা বিনোদন জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। তালসারিতে স্টার জলসার ‘ভোলেনাথ পার করেগা’ (Bholebaba Paar Karega) মেগা সিরিয়ালের শুটিং করতে গিয়ে সমুদ্রের জলে ডুবে মৃত্যু হলো ৪৩ বছর বয়সী এই জনপ্রিয় অভিনেতার। তাঁর এই আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত গোটা টলিউড।
রাহুলের মৃত্যুর পর বারো ঘণ্টারও বেশি সময় পার করেছে। দীঘা হাসপাতালে শায়িত অভিনেতার নিথর দেহ। অথচ অভিনেতার মৃত্যু নিয়ে উঠছে একাধিক প্রশ্ন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়? শ্য়ুটিংয়ের পর নয়, শ্যুটিং চলাকালীনই মৃত্যু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের! পরিচালকের কথায় একাধিক অসংগতি।
রাহুলের মৃত্যুর পর তাঁর সহ-অভিনেতা প্রযোজক লীনা ঘনিষ্ঠ দিগন্ত বাগচী জানান, শুটিং শেষ হওয়ার পর রাহুল একাই জলের দিকে এগিয়ে যান। তাঁর কথায়, ‘শুটিং শেষ হওয়ার পর ও একাই জলের মধ্যে গিয়েছিল। কিন্তু কোনোভাবে জলের নিচে কিছুতে আটকে যায়। সঠিক কী হয়েছিল তা স্পষ্ট নয়, তবে হঠাৎই লোকজন চিৎকার শুরু করে যে রাহুল ডুবে যাচ্ছে। আমরা ওকে জল থেকে তুলে দিঘা হাসপাতালে নিয়ে যাই, কিন্তু চিকিৎসকরা ওকে মৃত ঘোষণা করেন।’প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া:
সিরিয়ালের প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় এই ঘটনায় গভীরভাবে শোকাহত। তিনি জানান যে চিত্রনাট্যে নাকি সমুদ্রের জলের কোনো দৃশ্যই ছিল না। লীনার বয়ান অনুযায়ী: ‘এমন পরিস্থিতিতে কেউ ভালো থাকে কীভাবে? স্ক্রিপ্টে গভীর জলের কোনও সিন ছিল না। আমি শুনেছি অনেকেই ওকে জলে নামতে বারণ করেছিলেন, কিন্তু ও কারও কথা শোনেনি। অনেকেই তখন গাড়িতে উঠে বেরিয়ে যাচ্ছিলেন। আমি ঘটনাস্থলে ছিলাম না, এই মুহূর্তে আর কিছু বলার মতো অবস্থায় নেই।’ শ্যুটিংয়ে জলের দৃশ্য চলছে, সেই সময় অভিনেতাকে নাকি জলে নামতে মানা করা হয়েছিল!

পরিচালক কী বলছেন?
ভোলে বাবা পরিচালক শুভাশিস মণ্ডলের কথায় একাধিক অসংলগ্নতা। তিনি জানান, ড্রোন ক্যামেরায় হিরো-হিরোইনের জলকেলির দৃশ্য চলছিল। হাঁটু জলে চলছিল শ্যুটিং। হঠাৎ করেই নাকি শ্বেতার হাত রাহুল সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকে। সেখানে নাকি ইউনিটের ৩০-৪০ জন ছিল। ওরা এগোলে ইউনিট মেম্বারের অনেকেই এগিয়ে যায়। সমুদ্রে এগিয়ে গেলে রাহুল-শ্বেতা নাকি জলে ভারসাম্য হারায়। সঙ্গে সঙ্গেই নাকি দুজনকে উদ্ধার করা হয়, দাবি পরিচালকের।
পরিচালকের কথায়, বোটে নয়, সৈকতের কাছেই শ্যুটিং চলছিল। তিনি বলেন, সমুদ্রের জল খেয়ে ফেলেছিলেন রাহুল। পারে ফেরার পরও নাকি জ্ঞান ছিল রাহুলের। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ওদিকে ভোলে বাবা পার করেগা টিমের ম্যানেজার দাবি করেন, শ্যুটিং শেষ হওয়ার পর আর্টিস্টের গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছিল। তারপর ঘটে দুর্ঘটনা। ইউনিটের বয়ানেই আকাশ-পাতাল ফারাক!
রাহুলের মৃত্যু নিয়ে অস্বাভাবিক মৃত্য়ুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে দীঘা পুলিশ। সোমবার মরদেহের ময়না তদন্ত হবে।
একনজরে রাহুলের কেরিয়ার:
অভিষেক ও জনপ্রিয়তা: ২০০৮ সালে রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমরা’ ছবি দিয়ে রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন রাহুল। জ্যাকপট, লাভ সার্কাস, শোনো মন বলি তোমায়-এর মতো একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। ইন্দ্রাশিস আচার্যের পিউপা রাহুলের কেরিয়ারের অন্য়তম মাইলস্টোন।
ছোটপর্দাতেও তাঁর অভিনয় সমান নজরকাড়া। ‘হরগৌরী পাইস হোটেল’, ‘দেশের মাটি’ ও ‘তুমি আসবে বলে’ ধারাবাহিকেও তাঁর অভিনয় দর্শকদের মনে গেঁথে আছে।