Rain Forecast in Kolkata till 14th April। আজও ঝড়-বৃষ্টি চলবে! ‘ঠান্ডা’ থাকবে কলকাতা

Spread the love

আজও ঝড়-বৃষ্টির ধারা অব্যাহত থাকবে কলকাতায়। পরপর চারদিন ঝড়-বৃষ্টির জেরে ‘ঠান্ডা’ রয়েছে শহর। আজও সেরকম থাকবে পরিস্থিতি। তবে আগের কয়েকদিনের থেকে বৃহস্পতিবার মহানগরে ঝড়-বৃষ্টির দাপট অনেকটাই কম থাকবে বলে জানালেন আবহবিদরা। আজ সকালে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমে ২১.৩ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে। যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি কম। শেষ ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৫.২ মিলিমিটার। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রির আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে হবে। তারইমধ্যে বিকেল বা সন্ধ্যার দিকে আকাশ মেঘলা হয়ে যাবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।

নতুন কোনও সিস্টেম তৈরি হয়নি, জানালেন আবহবিদরা

আবহবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবার কলকাতায় এক-দু’দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটা কম থাকবে। নয়া কোনও আবহাওয়ার সিস্টেম তৈরি না হওয়ায় শুক্রবার থেকে শুষ্ক হয়ে যাবে কলকাতার আবহাওয়া। সেইসঙ্গে পয়লা বৈশাখের (১৫ এপ্রিল) আগে বাড়বে তাপমাত্রাও। অর্থাৎ গরমও বাড়বে।

কতটা গরম বাড়বে কলকাতার?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতায় বৃষ্টি হবে না আগামী পাঁচদিনে। তারইমধ্যে শুক্রবার থেকে পরবর্তী চারদিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) চার-ছয় ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

সার্বিকভাবে আজ দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে হুগলি,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কয়েকটি অংশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *