Congress leader says Pakistan Biswa Guru: পাকিস্তান ‘বিশ্বগুরু’ এবং ‘গ্লোবাল লিডার’ হয়ে উঠেছে বলে দাবি করলেন কংগ্রেস নেতা উদিত রাজ। প্রাক্তন সাংসদ দাবি করেন, কংগ্রেসের আমলে ভারত যে সম্মান অর্জন করেছিল, তা ধুলোয় মিশিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বিদেশে গিয়ে অহেতুক হাসি-ঠাট্টা করেন। লোকজনকে আলিঙ্গন করেন। অথচ এদিকে পাকিস্তান ‘বিশ্বগুরু’ এবং ‘গ্লোবাল লিডার’ তকমা ছিনিয়ে নিয়ে চলে গেল বলে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করেন কংগ্রেস নেতা।
ভারতের সম্মান নষ্ট করেছেন মোদী, বিস্ফোরক উদিত
বৃহস্পতিবার সকালে এক্স বার্তায় কংগ্রেস নেতা বলেন, ‘৭০ বছরে কংগ্রেস যে সম্মান অর্জন করেছিল, তা তছনছ করে দিলেন প্রধানমন্ত্রী মোদী। আমেরিকা-ইজরায়েল এবং ইরানের যুদ্ধে মধ্যস্থতা করে পাকিস্তান বিশ্বগুরুর খেতাব ছিনিয়ে নিয়ে গেল। নিজের বিদেশ সফরের সময় অকারণে হাসি-ঠাট্টা করে এবং জোর করে গলা জড়িয়ে ধরে স্রেফ নিজেকে হাস্যস্পদ করে তোলেননি, বরং দেশের বদনাম করেছেন।’
‘ভিখারী ও সন্ত্রাসবাসী দেশ পাকিস্তানও…’, তোপ কংগ্রেস নেতার
সেই রেশ ধরে কংগ্রেস নেতা আরও বলেন, ‘ভিখারি ও সন্ত্রাসবাদী পাকিস্তান অপারেশন সিঁদুরের সময়ও নিজেদের সমর্থনে কয়েকটি দেশকে নিয়ে এসেছিল এবং এখন গ্লোবাল লিডারও হয়ে গেল। বিদেশে বসবাসকারী ভারতীয়রা জানিয়েছেন যে সেখানে থাকা পাকিস্তানি ও অন্যান্য লোকজন তাঁদের নিয়ে উপহাস করছেন। দেশের মধ্যে মিথ্যে চলতে পারে, দেশের বাইরে নয়।’

পাকিস্তানকে নিয়ে ইজরায়েলের রাষ্ট্রদূত
তবে যে প্রসঙ্গে কংগ্রেস নেতা বলেছেন যে পাকিস্তান ‘বিশ্বগুরু’-র তকমা ছিনিয়ে নিয়েছে, তা নিয়ে ইসলামাবাদের উপরে একটুও আস্থা রাখেনি ইজরায়েল। বরং সংবাদসংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার বলেছেন, ‘আমরা পাকিস্তানকে একটি বিশ্বাসযোগ্য পক্ষ হিসেবে দেখি না।’
সেইসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয়, মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থেই পাকিস্তানের সহযোগিতাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। আমরা অতীতে দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে কাতার ও তুরস্কের মতো সমস্যায় জর্জরিত দেশগুলিকে হামাসের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর স্বার্থে ব্যবহার করেছে। আমরা যে ফলাফল দেখতে চাই, তার মূল বিষয়বস্তু ও সারমর্ম নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত থাকাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’