ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে আজ, ৩ ডিসেম্বর। রায়পুরে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। তার একদিন আগে মঙ্গলবার শহিদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে নেট অনুশীলন করে টিম ইন্ডিয়া। অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা অনুশীলনে ঘাম ঝরান। তবে সেই নেট সেশনেও ছিল ‘শীতলতা’। কোহলি যখন নেট অনুশীলন শেষে সাজঘরে ফিরছিলেন, তখন তিনি প্রধান কোচ গৌতম গম্ভীরকে পাশ কাটিয়ে যান বলে দাবি করা হয়েছে রিপোর্টে। গম্ভীরের সঙ্গে মাঠে অন্তত কথা বলেননি কোহলি।
তবে রোহিত শর্মা কিছুক্ষণ ছিলেন কোচের সঙ্গে। সেই সময় দুজনের মধ্যে কিছুটা কথা হয়। ভারতীয় ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে সব খবর প্রকাশিত হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে রোহিত-গম্ভীরের এই কথোপকথন বেশ তাৎপর্যপূর্ণ। তবে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে, বিরাট কোহলি এবং প্রধান কোচ গৌতম গম্ভীর একে অপরের সঙ্গে কথা বলা পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। এদিকে রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগরকরের মধ্যে কোনও কথা হয় না। গৌতম গম্ভীর ও অজিত আগরকরের সঙ্গে দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের সম্পর্কের এই শীতলতা সাজঘরের পরিবেশে প্রভাব ফেলছে।
মঙ্গলবার বিরাট কোহলি ও রোহিত শর্মা যখন নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন, তখন প্রধান কোচ গৌতম গম্ভীর দুই নেটের মাঝখানে এমনভাবে বসে ছিলেন যাতে তিনি দুই অভিজ্ঞ খেলোয়াড়ের অনুশীলনের দিকে নজর রাখতে পারেন। তিনি দুজনের অনুশীলন খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছিলেন। এই সময় বিরাট কোহলি ও রোহিত শর্মাকে দুর্দান্ত ছন্দে দেখাচ্ছিল। থ্রো-ডাউন বিশেষজ্ঞ রঘু এবং নুয়ান সেনেভিরত্নের বিরুদ্ধে কোহলি কিছু হার্ড শট খেলেছিলেন।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নেট সেশন শেষ করার পর দুই ব্যাট কাঁধে রেখে কোচ গৌতম গম্ভীরের খুব কাছ দিয়েই হেঁটে চলে যান বিরাট কোহলি। এই সময় দুজনের মধ্যে কোনও কথোপকথন হয়নি। কিছুক্ষণ পর নেট সেশন শেষ করেন রোহিত শর্মাও। ড্রেসিংরুমে যাওয়ার আগে গৌতম গম্ভীরের কাছে কিছুক্ষণ থামেন তিনি। সেই সময় কথা হয় দুজনের। এদিকে নেট অনুশীলনে যশস্বী জয়সওয়ালকেও বড় শট খেলতে দেখা যায়। তিনি লেগ সাইড বাউন্ডারির উপর দিয়ে বেশ কয়েকটি দুর্দান্ত শট মেরেছিলেন। এদিকে ঋষভ পন্থ সর্বশেষ নেটে প্রবেশ করেন। প্রথম বল থেকেই বড় শট মারার অনুশীলন করেন তিনি।