Saokat Molla NIA Latest Update: বাংলাদেশে পালানোর চেষ্টা করছেন শওকত মোল্লা? এমনই আশঙ্কা তৈরি হয়েছে একটি মহলে। আর তারইমধ্যে শওকতের খোঁজে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী এলাকার চুনাখালির একটি মাদ্রাসায় তল্লাশি চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম টিভি নাইনের প্রতিবেদনে জানানো হয়েছে, আজ বারুইপুরের একটি বাড়িতে ছিলেন বলে অভিযোগ উঠেছে। দাবি করা হয়েছে যে দুটি বাইকে করে তিনি পালিয়ে যান। তারপর দুপুর সাড়ে তিনটে নাগাদ চুনাখালির ফেরিঘাটে হেলমেট পরে নাকি চারজনকে দেখা যায়। তাঁদের মধ্যে একজন শওকত ছিলেন বলে দাবি করেছেন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা। যে ঘাটের ওপারেই উত্তর ২৪ পরগনা। আর সেখান থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব বেশি নয় বলে দাবি করা হয়েছে।
যেন বাংলাদেশে না পালাতে পারেন শওকত, আর্জি বিজেপি নেত্রীর
বিষয়টি নিয়ে এনআইএয়ের তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও বিজেপি নেত্রী কেয়া ঘোষ দাবি করেছেন, শোনা যাচ্ছে যে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত নাকি বাংলাদেশে পালানোর চেষ্টা করছেন। তাঁর হাতে দুটি সুটকেসও দেখা গিয়েছে। তিনি যাতে কোনওভাবে বাংলাদেশে পালাতে না পারেন, সেজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আর্জিও জানান কেয়া।
সকাল-সকাল শওকতের বাড়িতে NIA-র অভিযান
এমনিতে আজ সকালে ভাঙড়ের বামুনিয়া বিস্ফোরণকাণ্ডের তদন্তে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়কের জীবনতলার বাড়িতে অভিযান চালায় এনআইএ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে সকালেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়। তবে তদন্তকারী দল পৌঁছনোর আগেই শওকত বাড়ি ছেড়ে চলে যান বলে খবর। পরে শওকতের ছেলে ইমরানকে সঙ্গে নিয়ে এনআইএ আধিকারিকরা বাড়িতে প্রবেশ করেন। শুরু করেন তল্লাশি। শুধু বাড়িই নয়, শওকতের দলীয় কার্যালয়েও তল্লাশি চালানো হয়। একই সময়ে এনআইএয়ের অপর একটি দল মৌখালিতে ইমরান মোল্লার ক্যাফেতেও তল্লাশি চালায়।

বোমা বিস্ফোরণের মামলা ও NIA তদন্ত
বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছিল। আহত হন কয়েকজন। ঘটনার তদন্তভার বর্তমানে এনআইএ-র হাতে রয়েছে। এর আগে এই মামলায় আহিদুল ইসলাম নামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল এনআইএ। সেই গ্রেফতারির পর তদন্ত আরও এগোতে শুরু করে।