ভাঙড় বিস্ফোরণ মামলার তদন্তে বড় পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে পলাতক ঘোষণা করেছে সংস্থা। বৃহস্পতিবার সকাল থেকে তাঁর বাড়ি, দলীয় কার্যালয়-সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হলেও তাঁর খোঁজ মেলেনি। তদন্তকারীদের দাবি, অভিযুক্ত যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সেই কারণে তাঁর সমস্ত তথ্য ইতিমধ্যেই বিএসএফের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে।
বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়ায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিলেন কয়েকজন। সেই ঘটনার তদন্তে সম্প্রতি গতি এনেছে এনআইএ। এর আগে তদন্তের সূত্রে আহিদুল ইসলাম নামে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল।
বৃহস্পতিবার এনআইএ-র একাধিক দল ভাঙড়ে অভিযান চালায়। একটি দল শওকত মোল্লার বাড়ি ও সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। তবে তদন্তকারীরা পৌঁছানোর আগেই তিনি এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন বলে জানা যায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তদন্তকারীরা তাঁর পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাড়িতে প্রবেশ করেন। পরে তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেষবার বাসন্তীর দিকে লাল পোশাকে মোটরবাইকে একজনের সঙ্গে যেতে দেখা গিয়েছিল শওকত মোল্লাকে। তদন্তকারীদের অনুমান, তিনি আত্মগোপনের চেষ্টা করছেন। স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী এলাকায় যাওয়ার চেষ্টা হয়েছিল, তবে পরে তিনি অন্যত্র সরে যান। বর্তমানে তিনি কোনও আত্মীয়ের বাড়িতে লুকিয়ে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।

এনআইএ সূত্রে খবর, শওকত মোল্লার ব্যবহৃত তিনটি মোবাইল ফোনই বন্ধ রয়েছে। তাঁর সম্ভাব্য অবস্থান চিহ্নিত করতে বিভিন্ন সূত্রে অনুসন্ধান চালানো হচ্ছে। এলাকায় একাধিক জায়গায় তল্লাশি চলছে এবং সীমান্ত এলাকায়ও নজরদারি বাড়ানো হয়েছে। তবে তদন্ত এখনও চলছে। শওকত মোল্লার বিরুদ্ধে আনা অভিযোগ এবং তাঁর অবস্থান সম্পর্কে চূড়ান্ত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তদন্তকারী সংস্থা তাঁর সন্ধানে ব্যাপক তৎপরতা চালাচ্ছে।