Serial Update। জি বাংলার ত্রয়ী দিয়ে ছোট পর্দায় ফিরছেন মধুমিতা? নায়ক শুভ্রজিৎ?

Spread the love

সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে যে, ধারাবাহিকে ফিরছেন মধুমিতা সরকার। প্রায় সাত বছর পর ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে ফিরলেও, মাসকয়েক চলার পরেই গল্পে এসেছিল বদল। বদলে গিয়েছিল ধারাবাহিকের কাস্ট। ফের কি নতুন করে ছোট পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন?

মধুমিতার পাশাপাশি শোনা যাচ্ছে ‘শুধু তোমারই জন্য’র নায়ক শুভ্রজিৎ সাহা-র বিপরীতে নাকি থাকবেন। ধারাবাহিকের নাম ত্রয়ী। আরেক অভিনেত্রীর নামও সামনে এসেছে, লেখা চট্টোপাধ্যায়। একথা কি সত্যি? আপাতত মধুমিতা জানিয়েছেন ছোট পর্দায় ফেরার কোনো কথা তিনি ভাবছেন না একেবারেই। কারণ হাতে রয়েছে বেশ কিছু সিনেমার কাজ।

মধুমিতা ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন যে, এই বছর তাঁর তিনটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। দুটো ছবি এবং একটি সিরিজে কাজ করার কথা চলছে। সঙ্গে নতুন সংসার। ফলে, এখনই ছোটপর্দায় ফেরার সম্ভাবনা নেই।

মধুমিতার আসন্ন মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলির মধ্যে রয়েছে পরিচালক সৌমাভ বন্দ্যোপাধ্যায়ের একটি আসন্ন বাংলা মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা অটবী। ছবিটিতে প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়ও কাজ করেছিলেন। আছেন সাহেব চট্টোপাধ্যায়ও। সিনেমার বেশিরভাগ শ্যুটিং হয়েছে শান্তিনিকেতনে।

অন্যদিকে ত্রয়ী ধারাবাহিকের কথা বললে, সদ্যই জি বাংলা এই ধারাবাহিকটি ঘোষণা করেছে একটি এআই দিয়ে নির্মিত ভিডিয়োর মাধ্যমে। ‘গোয়েন্দা গিন্নি’ কিংবা ‘পাণ্ডব গোয়েন্দা’-র মতো সফল সিরিয়ালের পর, আবার নতুন এক উদ্যোগ। প্রথমে শোনা গিয়েছিল যে ত্রয়ীতে থাকতে পারেন অপরাজিতা আঢ্য। যদিও অপরাজিতাও সেই গুঞ্জনে জল ঢালেন। জানান যে অনেকেই তাঁকে এই নিয়ে ফোন করছেন। ত্রয়ীর ব্যাপারে জানতেও চাইছেন। কিন্তু এরকম কোনো প্রোজেক্টের সঙ্গে তিনি যুক্ত নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *