SSC Class XI-XII Teachers Recruitment। পরের মাসেই SSC একাদশ-দ্বাদশের নিয়োগ শেষ হবে

Spread the love

বুধবার সন্ধ্যায় এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। আর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের শেষ সপ্তাহের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে বলে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) সূত্রে খবর। অর্থাৎ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই স্কুলে যোগ দেবেন শিক্ষকরা। এসএসসি সূত্রে খবর, সরস্বতী পুজো, প্রজাতন্ত্র দিবসের ছুটির পরই আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে যোগ্য প্রার্থীদের অফার লেটার পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তারপর হবে কাউন্সেলিং প্রক্রিয়া। এক আধিকারিকের কথায়, ‘ফেব্রুয়ারির মধ্যেই আমরা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে চাই।’

দ্রুত নিয়োগ শেষ করতে চাইছে রাজ্য

এমনিতে বুধবাার সন্ধ্যায় রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুলে একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া মেধাতালিকা বা প্যানেল প্রকাশ করেছে এসএসসি। আসল প্যানেল এবং ওয়েটিং লিস্ট ধরে সবমিলিয়ে ১৮,২২৭ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে ১২,৪৪৫টি শূন্যপদে। আর দ্রুত সেই শূন্যপদ পূরণ করে ফেলতে চাইছে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে রাজ্যের শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, স্কুলের স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনতে দ্রুত শূন্যপদ পূরণের উপরে জোর দেওয়া হচ্ছে। নজর দেওয়া হচ্ছে স্বচ্ছতার জন্য।

এসএসসি চাকরি বাতিল ও নয়া নিয়োগ প্রক্রিয়া

যে স্বচ্ছতার অভাবের জন্যই ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া (এসএসসি নবম-দশম শিক্ষক নিয়োগ, এসএসসি একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ এবং এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ) বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। ‘চাল’ এবং ‘কাঁকর’ আলাদা না করা যাওয়ায় চাকরিচ্যুত হন প্রায় ২৬,০০০ জন। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়। পরীক্ষা নেওয়া হয় নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য। গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা অবশ্য এখনও হয়নি।

এসএসসি নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ

১) ১৪ সেপ্টেম্বর এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়। ফলপ্রকাশের পরে প্রার্থীদের ভেরিফিকেশনের জন্য ডাকে এসএসসি। নথি যাচাইয়ের ইন্টারভিউ এবং ডেমোস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। আর তারপর প্যানেল বা মেধাতালিকা প্রকাশ করে দিল এসএসসি।

২) এসএসসি নবম-দশমের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন এখন শুরু হয়নি। লিখিত পরীক্ষার ফলপ্রকাশ হয়ে গিয়েছে। কারা নথি যাচাইয়ের জন্য ডাক পেয়েছেন, সেই তালিকাও প্রকাশ করে দেওয়া হয়েছে।

৩) এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ার আবেদন পর্যায় শেষ হয়ে গিয়েছে। অপেক্ষা করা হচ্ছে লিখিত পরীক্ষার। সূত্রের খবর, আগামী ১ মার্চ এবং ৮ মার্চ লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *