Suvendu on Bangladeshi infiltrators: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যাতে কোনওভাবে রেয়াত না করা হয়, তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী। সেই রেশ ধরে শুক্রবার মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠকের পরে পুলিশের ভূমিকা নিয়েও কিছুটা উষ্মাপ্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি জানান, সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশকারীদের যাতে কোনওরকমভাবে রেয়াত করা না হয় বা ক্ষমা-ঘেন্না করা না হয়, তা নিশ্চিত করতে ইতিমধ্যে পুলিশকে নির্দেশ দিয়েছেন। তারপরও শুক্রবার পর্যন্ত পুলিশ মাত্র ৬৯ জনকে সীমান্ত পার করাতে পেরেছে। অথচ রাজ্যে হাজার-হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে। তার তুলনায় যতজনকে সীমান্ত পার করানো হয়েছে, সেই সংখ্যাটা অত্যন্ত কম। সেই পরিস্থিতিতে বিএসএফের সঙ্গে পুলিশের সমন্বয় আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুর্শিদাবাদ জেলা প্রশাসনের প্রশংসায় মুখ্যমন্ত্রী
তারইমধ্যে অবশ্য জেলা প্রশাসনের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়। তিনি জানিয়েছেন, কাঁটাতারের বেড়া এবং সীমান্ত পরিকাঠামো তৈরির জন্য রাজ্যে বিজেপি সরকার তৈরি হওয়ার ৪৫ দিনের মধ্যেই বিএসএফের হাতে ৩৩৮ একর জমি তুলে দিয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন।
জমি হস্তান্তরের নিরিখে বাজিমাত মুর্শিদাবাদের
পুরো বিষয়টি ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, হিসাব মতো ৩৬৩ একরের মতো জমি হস্তান্তরের কথা ছিল। ইতিমধ্যে ৩৩৮ একর জমি তুলে দিয়েছে বিএসএফের হাতে। এতটাই ভালো কাজ করেছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন যে জমি হস্তান্তরের মাপকাঠিতে সবথেকে এগিয়ে আছে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘সরকার যা চাইবে, সেটা বুঝতে পেরেছেন অফিসাররা।’
মুখ্যমন্ত্রী কী কী বলেছেন আর?
১) মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মুর্শিদাবাদে যে হিন্দু শরণার্থীরা জেলে বন্দী আছেন, তাঁদের মুক্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন।

২) তিনি জানিয়েছেন, সিনিয়রদের নির্দেশের অপেক্ষা না করে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছেন পুলিশকে।
৩) তিনি জানিয়েছেন, বিজেপি ক্ষমতায় আসার পরে মুর্শিদাবাদে সেরকম কোনও বড় ঘোষণা ঘটেনি। ‘একজন’ (নওদার বিধায়ক হুমায়ুন কবীর) উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন। কিন্তু দ্রুত পদক্ষেপ করা হয়েছে। যদি পুলিশ ঠিকমতো কাজ না করে বা অনৈতিক কোনও কাজে যুক্ত থাকে, তাহলে সেটা তাঁর গোচরে যেন আনা হয়। তিনি যেমন মুখ্যমন্ত্রী, তেমনই পুলিশমন্ত্রী। তাই উপযুক্ত পদক্ষেপ করবেন বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।