সদ্য আইসিসি টি২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। সেমিফাইনালে ওঠার দৌড় থেকেই ছিটকে গিয়েছে সেদেশ। এদিকে, সেমিফাইনালে ভারত। রাত পোহালেই সূর্য বাহিনীর বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে নামবে ইংরেজ বাহিনী। এমন অবস্থায় এক অনুষ্ঠানে ক্রিকেট নিয়ে আলোচনা চলছিল, ভারত ও ইংল্যান্ডের প্রাক্তনীদের। আলোচনায় ছিলেন, ভারতের স্টার ক্রিকেটার দীনেশ কার্তিক, ইংল্যান্ডের দুই প্রাক্তনী মাইক আর্থার, নাসের হুসেন।
উল্লেখ্য, ভারতের মাটিতে পাকিস্তান ম্যাচ খেলবে না বলে, তাদের জন্য শ্রীলঙ্কার কলম্বো ধার্য করা হয় ম্যাচের জন্য। পাকিস্তান তার সব ম্যাচ সেখানেই খেলে ২০২৬ টি২০ বিশ্বকাপে। একইভাবে এর আগে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত দুবাইতে তার সব ম্যাচ খেলেছে। সেই সময় যেহেতু একই ভেন্যুতে ভারত সব ম্যাচ খেলেছে, তখন অনেকেই দাবি করেছিলেন, ভারত বাড়তি সুবিধা পাচ্ছে। সেই দাবিদারদের মধ্যে ইংল্যান্ডের প্রাক্তনী মাইক আর্থার ও নাসের হুসেনও ছিলেন। সেই কথা মনে করিয়ে, পাকিস্তানের বিশ্বকাপ বিদায় নিয়ে খোঁচা দিয়ে এবার টার্গেট শানালেন ভারতের ক্রিকেট স্টার দীনেশ কার্তিক।
কার্তিক ওই অনুষ্ঠানে বলেন,’আমি আশা করেছিলাম পাকিস্তান সেমিফাইনালে উঠবে কারণ তারা কলম্বোতে ধারাবাহিকভাবে খেলেছে, একই হোটেলে থেকেছে, পিচগুলো ভালোভাবে জানত ,এবং আপনারা দুই ফসিল দুজনেই অভিযোগ করেছেন যে এই কারণেই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে এত ভালো করেছে। সেই যুক্তি অনুসারে, পাকিস্তানের এই বিশ্বকাপে কিছু তো করা উচিত ছিল।’

প্রেক্ষাপটের দিকে তাকালে, আথারটন এর আগে স্কাই স্পোর্টস পডকাস্টে বলেছিলেন: ‘শুধুমাত্র দুবাইতে খেলার মাধ্যমে ভারতের সুবিধা কী? যা আমার কাছে পরিমাপ করা কঠিন কিন্তু অনস্বীকার্য সুবিধা বলে মনে হয়।’ এদিকে, এক্সপ্রেস ট্রিবিউনের মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রতিটি জাতীয় দলের খেলোয়াড়কে ৫০ লক্ষ পাকিস্তানি রুপি (১৬.২৮ লক্ষ টাকা) জরিমানা করেছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে ভারতের কাছে পাকিস্তানের গ্রুপ পর্বের পরাজয়ের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও পাকিস্তান কোট হেসনের ভাগ্যও সুতোয় ঝুলছে পাকিস্তানের জাতীয় হেড কোচ হিসাবে। সেই জায়গায় শোনা যাচ্ছে সরফরাজ আহমেদের নাম। অন্যদিকে, অধিনায়কত্ব খোয়াতে পারেন সলমন আঘাও। এমনই দাবি বহু রিপোর্টের।