TMC Split Speculation। তৃণমূলের সংসদীয় দলেও ভাঙন?

Spread the love

তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে ঘিরে রাজনৈতিক জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে। লোকসভায় দলের নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক সেই সময়েই সমাজমাধ্যমে একটি তাৎপর্যপূর্ণ বার্তা পোস্ট করে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন তিনি। তাঁর পোস্টে নীতি, আদর্শ এবং শাসনব্যবস্থার প্রসঙ্গ উঠে আসায় রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত কাকলি ঘোষ দস্তিদার। চার দশকেরও বেশি সময় ধরে তিনি তৃণমূল নেত্রীর রাজনৈতিক পথচলার সঙ্গী। নির্বাচনের ফল প্রকাশের আগে পর্যন্ত লোকসভায় দলের মুখ্য সচেতকের দায়িত্বও সামলাচ্ছিলেন তিনি। তবে প্রায় মাসখানেক আগে সেই দায়িত্ব পরিবর্তন করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়। এরপর থেকেই দলের অভ্যন্তরে মতপার্থক্যের ইঙ্গিত প্রকাশ্যে আসতে শুরু করে।

পরবর্তীতে কাকলি প্রকাশ্যে আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন, দলের বর্তমান পরিস্থিতির জন্য ওই সংস্থার ভূমিকা রয়েছে। এরপর তিনি দলের বিভিন্ন সাংগঠনিক পদ থেকেও সরে দাঁড়ান। একই সময়ে তাঁর নিরাপত্তা বৃদ্ধি করা হয়, যা নিয়েও রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে।

এদিকে সূত্রের দাবি, আগামী কয়েক দিনের মধ্যে তৃণমূলের একাধিক সাংসদের গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। রাজনৈতিক মহলের একাংশের অনুমান, সেই বৈঠকের পর লোকসভার স্পিকারের কাছে একটি চিঠি জমা দেওয়া হতে পারে। সেখানে লোকসভায় নতুন দলনেতা হিসেবে কাকলি ঘোষ দস্তিদারের নাম প্রস্তাব করা হতে পারে বলেও আলোচনা চলছে। যদিও এই বিষয়ে কাকলি নিজে স্পষ্টভাবে জানিয়েছেন, এমন কোনও পরিকল্পনার বিষয়ে তাঁর জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *