ভারত-পাক সংঘর্ষবিরতি থেকে শুরু করে ভারতের রাশিয়ান তেলা নিয়ে একের পর এক বড় দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এরই সঙ্গে আবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও করলেন ট্রাম্প। এদিকে ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত সার্জিও গোর সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেন। এই আবহে ট্রাম্প দাবি করেন, সার্জিও গোর তাঁকে জানিয়েছেন যে মোদী তাঁকে ভালোবাসেন। এরই সঙ্গে ভারতীয় রাজনীতিতে মোদীর দীর্ঘ ইনিংসের প্রশংসা করেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি প্রধানমন্ত্রী মোদী এবং সার্জিও গোরের বৈঠক খুব ভালো হয়েছে। মোদী একজন মহান মানুষ। তিনি (গোর) আমাকে বলেছেন যে তিনি (প্রধানমন্ত্রী মোদী) আমাকে ভালোবাসেন।’ এরপর মোদীকে নিয়ে ট্রাম্প আরও বলেন, ‘আমি বহু বছর ধরে ভারতকে দেখছি। এটি একটি আশ্চর্যজনক দেশ এবং প্রতি বছর আপনি এখানে একজন নতুন নেতাকে দেখতে পাবেন। আর কয়েকজন তো কয়েক মাস থেকেই চলে যান। কিন্তু এবার বছরের পর বছর ধরে একজনই ক্ষমতায় আছেন। আমার বন্ধু দীর্ঘদিন ধরে সেখানে আছেন।’
এদিকে মোদীকে নিয়ে মিষ্টি মিষ্টি কথা বললেও ভারতের রাশিয়ান তেল কেনা নিয়ে বড় দাবি করলেন ট্রাম্প। ভারতকে নির্ভরযোগ্য অংশীদার বলে মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, অবশ্যই।’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) আমার বন্ধু। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে… ভারত রাশিয়ার তেল কিনছে বলে আমি খুশি নই। তারা আজ আমাকে আশ্বস্ত করেছে যে তারা রাশিয়া থেকে তেল কিনবে না।’

এদিকে ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্প গতকাল বলেন, ‘আমরা বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অনেক যুদ্ধ বন্ধ করে দিয়েছি। উদাহরণস্বরূপ, ভারত ও পাকিস্তান… তারা খুব কঠোরভাবে লড়াই করছিল। সাতটি বিমান ধ্বংস করে দেওয়া হয়েছিল… খারাপ কিছু ঘটছিল এবং আমি তাদের দুজনের সাথেই বাণিজ্য নিয়ে কথা বলছিলাম… আমি বলেছিলাম যে তারা যুদ্ধ বন্ধ না করলে আমরা কোনও বাণিজ্য চুক্তি করব না। আমি তাকে ফোন করে বললাম, শোনো, তুমি যদি এই যুদ্ধ বন্ধ না করো, তাহলে আমরা তোমার দেশের যেকোনও পণ্যের উপর ২০০% শুল্ক আরোপ করব… আমি উভয় দেশের নেতাদের সাথে কথা বলেছি। আমি তাদের উভয়কেই পছন্দ করি। কিন্তু আমি তাদের স্পষ্ট বার্তা দিই এবং পরের দিন আমার কাছে ফোন আসে। তারা বলে, আমরা উত্তেজনা কমানোর সিদ্ধান্ত নিয়েছি… আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যুদ্ধ করব না… আমি যুদ্ধ বন্ধ করতে ভালোবাসি।’