WB 5th Pay Commission DA। বকেয়া DA মামলায় সুপ্রিম কোর্ট থেকে বড় আপডেট

Spread the love

বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) নিয়ে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দায়ের করা হয়েছে সেই মামলা। যৌথ মঞ্চের তরফে দাবি করা হয়েছে, গত মাসে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে পশ্চিমবঙ্গ সরকারকে অবিলম্বে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে অবিলম্বে। কিন্তু তা নিয়ে কোনও ইতিবাচক পদক্ষেপ করা হয়নি রাজ্যের তরফে। সেই প্রেক্ষিতেই আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে বলে জানান সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ইতিমধ্যে শীর্ষ আদালতের ওয়েবসাইটেও সেই মামলার বিষয়ে উল্লেখ করা হয়েছে। তবে কবে সেই মামলার শুনানি হবে, আপাতত সে বিষয়ে কিছু জানানো হয়নি।

কোন কোন দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে?

তারইমধ্যে আগামী ১৩ মার্চ (শুক্রবার) ধর্মঘটের ডাক দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। বকেয়া ডিএ প্রদান-সহ একগুচ্ছ দাবিতে রাজ্যের সমস্ত সরকারি অফিস, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় এবং আদালতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। কী কী দাবি তোলা হয়েছে মঞ্চের তরফে, তা দেখে নিন –

১) সুপ্রিম কোর্টের রায় মেনে অবিলম্বে বকেয়া ডিএ প্রদান করতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের।

২) যোগ্য অনিয়মিত কর্মচারীদের নিয়মতিকরণ করতে হবে।

৩) সরকারি প্রতিষ্ঠানে অবিলম্বে ছয় লাখ শূন্যপদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ করতে হবে।

৪) সরকারি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানে ডিটেলমেন্ট এবং প্রতিহিংসামূলক বদলি বন্ধ করতে হবে।

অসহযোগিতাই রাস্তা, দাবি রাজ্য সরকারি কর্মচারীদের

আর সেই ধর্মঘট সফল করার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কর্মসূচি পালন করা হচ্ছে। পোস্টার এবং ফ্লেক্স লাগানোর কাজ চলছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক জানিয়েছেন, মঙ্গলবার ডুয়ার্স কন্যার সামনে ধর্মঘটের স্বপক্ষে ব্যানার লাগানো হয়েছে। ধর্মঘট যাতে সর্বাত্মক হয়, সেজন্য রাজ্য সরকারি কর্মচারীদের আর্জি জানিয়েছেন তিনি। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, যে সরকার সুপ্রিম কোর্টের রায় মানতে গড়িমসি করে, যে সরকার রাজ্য সরকারি কর্মচারীদের হকের ডিএ দেয় না, সেই সরকারের বিরুদ্ধে অসহযোগিতাই করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *