WB Assembly Election Seat Prediction। শাহের ‘দুই-তৃতীয়াংশ’ আসনের দাবি নিয়ে কটাক্ষ মমতাদের

Spread the love

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কোন দল কত আসন পাবে? তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেল। মঙ্গলবার কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, দুই-তৃতীয়াংশ আসনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। আর তার কিছুক্ষণ পরেই বাঁকুড়ার বড়জোড়ার জনসভা থেকে শাহকে কটাক্ষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগেরবার এসে বলেছিল, ইস বার ২০০ পার। হয়ে গিয়েছে পগারপার। আর এবার করছে এসআইআর।’

বিজেপির আসন সংখ্যা ৫০-ও পেরোবে না, দাবি ব্রাত্যের

আর শিক্ষামন্ত্রী তথা তৃণমূল নেতা ব্রাত্য বসু তো সরাসরি দাবি করেছেন যে শাহ ফাঁকা আওয়াজ দিয়েছেন। আদতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ৫০-রও গণ্ডি পার করবে না বিজেপি। ব্রাত্যের কথায়, ‘(ভোটের আগে) পর্যটকদের মধ্যে আসবেন এবং যাবেন। কিন্তু এরকম সফরে কোনও লাভ হবে না। বিধানসভা নির্বাচনে বিজেপি ৫০-র গণ্ডিও পার করতে পারবে না। আর লজ্জাজনক হারের মুখে পড়বে।’ উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৭৭টি আসন পেয়েছিল বিজেপি। প্রচার-পর্বে বিজেপি ডাক দিয়েছিল যে ২০০টি আসন পাবে। কিন্তু সেটা হয়নি।

অনুপ্রবেশ নিয়ে নিশানা শাহের

এমনিতে আজ অনুপ্রবেশ নিয়ে মমতা সরকারকে চরম আক্রমণ শানিয়েছেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের যে ঘটনা ঘটছে, তা নেহাতই রাজ্যের বিষয় নয়। পুরো বিষয়টির সঙ্গে ভারতের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন জড়িয়ে আছে। তাই পশ্চিমবঙ্গে এমন মজবুত সরকারের প্রয়োজন আছে, যে সরকার সীমান্ত দিয়ে চিরকালের মতো অনুপ্রবেশ বন্ধ করে দেবে। আর সেই কাজটা বাস্তবায়নের জন্য একটি রাষ্ট্রীয় গ্রিড তৈরি করা হবে। তার ফলে সীমান্ত দিয়ে মানুষ কেন, একটি পাখিও পশ্চিমবঙ্গে ঢুকতে পারবে না বলে আশ্বস্ত করেন শাহ।সেই রেশ ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, সীমান্তে বেড়া দেওয়ার জন্য মমতা সরকার জমি দেয় না কেন্দ্রকে। আর পুরো ভারতে একমাত্র একটি সরকারই এরকম কাজ করে। পশ্চিমবঙ্গে যে অনুপ্রবেশ ঘটছে, তাতে প্রশ্রয় দিচ্ছেন মমতাই। সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করতে দেওয়া হচ্ছে। অনুপ্রবেশকারীদের বাংলায় আশ্রয় দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *